বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মেট্রোয় আসন নিয়ে বচসা, ধাক্কাধাক্কিতে মৃত্যু এক ব্যক্তির

12 October, 2026 7:01 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: দিল্লি মেট্রোর ভিতরে প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত একটি আসন নিয়ে বিবাদের জেরে মৃত হল এক ব্যক্তির। অভিযোগ, সহযাত্রীর চড় ও ধাক্কায় মৃত্যু হল পবন শর্মা নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। মেট্রোর ভিতরে প্রবীণদের জন্য সংরক্ষিত একটি আসন নিয়ে অভিযুক্ত সঞ্জয় প্রতাপ সিংহ এবং তাঁর ছেলে সিদ্ধার্থ সিংহের সঙ্গে পবন শর্মার তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন পবনকে সজোরে চড় ও ধাক্কা মারেন অভিযুক্তেরা। টাল সামলাতে না পেরে পড়ে যান পবন এবং তাঁর মাথায় গুরুতর চোট লাগে। মেট্রোর কর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত সঞ্জয় প্রতাপ সিংহ প্রাক্তন আইএএস অফিসার, যাঁকে এর আগে একটি ঘুষের মামলায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন গ্রেপ্তার করেছিল। তাঁর ছেলে সিদ্ধার্থ সিংহ সুপ্রিম কোর্টের আইনজীবী।
৯ অক্টোবর নিহত পবন শর্মার মা দুর্গা শর্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হওয়ার পরেই ওই প্রাক্তন আমলা এবং তাঁর আইনজীবী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী পরিস্থিতিতে এই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় এবং পবনের মৃত্যু হয়, তা বিস্তারিত ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রতিবেদন

Lopa Bhowmik