বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

পিএনবি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও কোটি কোটি টাকা

29 October, 2026 12:35 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নয়ডা: ব্যাঙ্কে গচ্ছিত টাকাও আর নিরাপদ নয়।‌ গ্রেটার নয়ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ‌কারও অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা নেই, কারও আবার জমির ক্ষতিপূরণ বাবদ পাওয়া কোটি কোটি টাকার হদিস মিলছে না। গ্রাহকদের দাবি, তাঁদের সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানত থেকে প্রায় ৩৫ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শাখা ম্যানেজার–সহ একাধিক ব্যাঙ্ককর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
এক গ্রাহকের অভিযোগ, তাঁর সেভিংস অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা জমা ছিল। এখন সেই টাকা আর দেখা যাচ্ছে না। অথচ টাকা সরানোর জন্য তিনি কোনও অনুমতিও দেননি, কোনও নথিতেও সই করেননি। লেনদেন সংক্রান্ত কোনও বার্তাও তাঁর কাছে আসেনি বলে দাবি করেছেন তিনি। একই অভিযোগ অন্য গ্রাহকদেরও। কারও অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ আচমকা কমে গিয়েছে, কারও আবার প্রত্যাশিত টাকা আর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না। ঠিক কীভাবে এই লেনদেন হয়েছে, টাকা কোথায় গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়া কৃষকরাও। এক কৃষকের দাবি, তাঁর অ্যাকাউন্টে আগে প্রায় ৮৭ থেকে ৮৮ লক্ষ টাকা ছিল। এখন সেখানে পড়ে রয়েছে মাত্র এক লক্ষ টাকা। বিরোন্ডা গ্রামের ৬০ বছরের এক চা বিক্রেতার অভিযোগ আরও উদ্বেগজনক। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে জেওর বিমানবন্দর প্রকল্পের জন্য তাঁর অ্যাকাউন্টে ১.২৯ কোটি টাকা জমা পড়েছিল। পরে পরিবারের সদস্যেরা টাকা তুলতে গিয়ে দেখেন, ১.১৮ কোটি টাকার হদিস নেই। ওই অর্থই ছিল তাঁদের সঞ্চয়ের মূল ভরসা বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন তিনি। আরও এক গ্রাহকের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯.৫ লক্ষ টাকা উধাও হয়েছে। কোনও মোবাইল বার্তা পাননি তিনি। পরে ব্যাঙ্কের শাখায় গিয়ে বিষয়টি জানতে পারেন বলে দাবি।
গ্রাহকদের অভিযোগ, সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি স্থায়ী আমানত থেকেও টাকা সরানো হয়েছে। লেনদেনের বিষয়ে আগাম সতর্কবার্তা না পাওয়ার দাবি ঘিরে ব্যাঙ্কের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।
ঘটনার পর শাখা ম্যানেজার–সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গ্রেটার নয়ডার বিটা–২ থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

প্রতিবেদন

Lopa Bhowmik