ইরানি পরিচালক জাফর পানাহিকে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের

তেহরান: প্রখ্যাত ইরানি পরিচালক জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল তেহরানের রেভেলিউশনারি কোর্ট। শুধু তাই নয়, তাঁর স্থাবর–অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ জারি হয়েছে। পাশাপাশি আগামী ২ বছর সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং বিদেশে যাওয়ার ওপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
ইরান সরকারের সঙ্গে পানাহির বিরোধ নতুন নয়। কুড়ি বছরেরও বেশি সময় ধরে প্রশাসনের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন পানাহি। তাঁর প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল তাঁর পরিচালিত ছবি। সেখানে বারেবারে সমাজের নানা অসংগতি এবং অবক্ষয়ের কথা তুলে ধরেছেন তিনি। ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি পৃথক মামলায় পানাহিকে ৫ বছর কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। পরিচালকের আইনজীবী মোস্তাফা নিলি জানিয়েছেন, সাজা ঘোষণার সময় উপস্থিত ছিলেন না পানাহি। কিন্তু ঠিক কোন অভিযোগের জন্য তাঁকে সাজা দেওয়া হল তা এখনও স্পষ্ট নয় বলে দাবি নিলির। তিনি আরও অভিযোগ করেছেন, কদিন আগে আচমকাই পানাহির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। বিষয়টির কারণ জানার জন্য তাঁরা আদালত ও সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেন। তখনই তাঁর মক্কেলের বিরুদ্ধে আদালতের রায়ের কথা জানতে পারেন।
মোস্তাফা নিলি জানিয়েছেন, মামলার নথিপত্রে বলা হয়েছে, পরিচালক ইরানের বাইরে রয়েছেন এবং তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আইনজীবীর দাবি, পানাহি কিছুদিনের জন্য দেশের বাইরে থাকলেও ২০২৬ –এর ৩০ মার্চ ইরানে ফিরে আসেন। তারপর থেকে দেশ ছেড়ে আর কোথাও যাননি। তাহলে কীভাবে তাঁর অনুপস্থিতির কারণ দেখিয়ে সাজা ঘোষণা করা হল, উঠছে সেই প্রশ্ন। এদিকে পানাজির বিরুদ্ধে আরও বেশ কয়কটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান ‘পাম দ’ওর’ দিয়ে সম্মানিত করা হয়েছিল এই প্রখ্যাত পরিচালককে।
