লাদেন পাকড়াওয়ে ছিল বড় ভূমিকা, বেলজিয়ান ম্যালিনোইস জাতের ৬ কুকুর মুম্বই ডগ স্কোয়াডে

সংবাদদাতা, মুম্বই: শক্তি বাড়ল মুম্বই পুলিশের ডগ স্কোয়াডে। বেলজিয়ান ম্যালিনোইস জাতের ৬ টি নতুন কুকুর সদস্যপদ পেল স্কোয়াডের। এর ফলে মুম্বই পুলিশের ডগ স্কোয়াডে মোট বেলজিয়ান ম্যালিনোইসের সংখ্যা হল ১১। সাত বছর আগে ২০১৯ সালে এই জাতের পাঁচটি কুকুর নিয়ে আসা হয়েছিল মহারাষ্ট্রের মুরবাদ থেকে। তারপর এই অন্তর্ভুক্তি। ডগ স্কোয়াডে ‘সেলিব্রিটি’ তকমা পাওয়া এই প্রজাতির সারমেয়র ক্ষিপ্রতা, অধ্যাবসায়, ঘ্রাণশক্তি এবং নির্দেশ পালন করার ক্ষমতা অসাধারণ বললেও কম বলা হয়। বিস্ফোরক জাতীয় পদার্থ খুঁজতে বের করতে এদের জুড়ি মেলা ভার। যে কোনও বড় জায়গায় তল্লাশির জন্য বেলজিয়ান ম্যালিনোইসের ওপর চোখ বন্ধ করে ভরসা করে পুলিশ। কোনও নেতা বা মন্ত্রীর বড় সমাবেশের আগে সেই জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বড় ভূমিকা নেয় এই জাতের কুকুর।
জানা গেছে, যে ৬ টি বেলজিয়ান ম্যালিনোইস নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে একটি ইতিমধ্যেই ট্রেনিং শেষ করে বম্ব স্কোয়াডের ‘চাকরি’তে যোগ দিয়েছে। বাকি পাঁচটি কুকুর এখনও বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে পুণের শিবাজি নগরের কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে। জানা গেছে, সেখানে পাঁচ বেলজিয়ান ম্যালিনোইসের সঙ্গে ট্রেনিং নিচ্ছে ২ টি ল্যাব্রাডরও।
বেলজিয়ান ম্যালিনোইস প্রথম খবরে উঠে আসে ২০১১ সালে। সে বছর মে মাসে মার্কিন নেভি সিলের একটি দল পাকিস্তানে ঢুকে অল–কায়দার ঘাঁটি গুঁড়িয়ে দেয়। হত্যা করা হয় দলের প্রধান ওসামা বিন লাদেনকে। সেই অভিযানে লাদেনকে খুঁজে বের করতে নেভি সিলের দলটিকে প্রভূত সাহায্য করেছিল এই বেলজিয়ান ম্যালিনোইস জাতের কুকুর।
