শিলংয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা
নিজস্ব প্রতিবেদন : শিলংয়ে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা।
ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। প্রিয় দলের খেলা দেখতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শৈলশহরে গিয়ে জড়ো হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। অভিযোগ, শিলং–এ ঢোকার মুখেই হেনস্থা করা হয়েছে সমর্থকদের একটি দলকে। ভাঙচুর করা হয়েছে গাড়িও। শেষে তর্কাতর্কি গড়ায় হাতাহাতি পর্যন্ত।
অভিযোগ, সমর্থকদের গাড়িতে মোহনবাগানের লোগো দেখে কয়েকজন স্থানীয় লোক তাদের শিলং–এ ঢুকতে বাধা দেন। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডুরান্ড কাপের শেষ চারের লড়াই শুরুর আগে এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার পরই সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
স্টেডিয়ামে যাতে এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখছে প্রশাসন। মাঠে নর্থইস্টের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে সমর্থকদের নিরাপত্তার বিষয়ের দিকেও খেয়াল রাখছে প্রশাসন। ইতিমধ্যেই ডুরান্ডের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। আজকের ম্যাচে নর্থইস্টকে হারাতে পারলেই ফাইনালে মোহনবাগান–ইস্টবেঙ্গল দ্বৈরথ।
