বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেলেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী ৭৮ বছরের মির্জা ফখরুল ইসলাম আলমগির। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ১৬৭ ভোটে হারিয়ে দিয়েছেন তিনি। ফখরুল পেয়েছেন ২৫৫টি ভোট এবং অলির পক্ষে পড়েছে ৮৮টি ভোট। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে ভোটগণনা চলে। ৫০টি মহিলা সংরক্ষিত কেন্দ্র সহ মোট ৩৫০ আসনের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটের আসনসংখ্যা ২৪৮। সম্প্রতি বিএনপির আসলাম চৌধুরির সংসদ সদস্যপদ বাতিল করেছে আদালত। ফলে এ বারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্য ইসলামি আন্দোলনের সংসদ সদস্য মওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লা ভোটদান করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। তারেক দীর্ঘদিন লন্ডনে থাকাকালীন তাঁর মা, প্রয়াত খালেদা জিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ অনুগামী হিসেবে দল পরিচালনা করেছিলেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রথা মেনে মন্ত্রিসভা এবং দলীয় পদ থেকে ইস্তফাও দেন তিনি। শেখ হাসিনার আমলের নির্বাচিত রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করেন। এরকম ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে। সেই সময়সীমা মেনেই ভোট হয়েছে। রাষ্ট্রপতি পদের জন্য বাংলাদেশে শেষবার ভোট হয়েছিল ১৯৯১ সালে। সে বার বিএনপি–র প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২টি ভোট পেয়ে জিতেছিলেন। তারপর থেকে বাংলাদেশে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ৩৫ বছর পরে আবার নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ।
মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর হন। এরপর তিনি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। ১৯৮৬ সালে শিক্ষকতার পেশা ছেড়ে তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। ২০০১ সালে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। দলের মহাসচিব হন ২০১৬ সালে।
