মুম্বইয়ে ইমিটেশন গয়নার কারখানা থাকা তিনতলা বাড়িতে আগুন, কর্মীদের অনেকেই ঘাটালের বাসিন্দা

সংবাদদাতা, মুম্বই: মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় একটি তিনতলা ভবনে হঠাৎ আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভবনটিতে একটি ইমিটেশন গয়নার কারখানা রয়েছে বলে জানা গিয়েছে। পুরো বাড়িটিতে শতাধিক ব্যক্তি কাজ করেন। তাঁদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের ঘাটালের বাসিন্দা। বাড়িটি দ্রুত খালি করে দেওয়ার জন্য কোনও হতাহতের খবর নেই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আগুন কীভাবে ছড়িয়ে পড়ল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট বলে প্রাথমিক অনুমান। আগুনে গয়নার কারখানা ও বাড়িটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করবে পুলিশ ও পুরসভা।
