উসকানিমূলক পোস্ট নয়, নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ নেহা বোরা

সংবাদদাতা, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ও উসকানিমূলক বার্তার সঙ্গে আমার কোনও যোগ নেই। এমনই দাবি করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। গত ১৬ অক্টোবর আটকের পর স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তি বজায় রাখার শর্তে তাঁকে ১০ হাজার টাকার মুচলেকা দেওয়ার নোটিস জারি করেছিলেন। মূলত সেই নোটিসকেই উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শুনানিতে নেহার পক্ষে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন সওয়াল করেন যে, মাণ্ডি হাউসে পৌঁছানোর মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই পুলিশ তাঁকে আটক করে। আজ বিকেল ৫টায় দেখা হচ্ছে, এই সাধারণ একটি বার্তা দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে। তাতে কোনও হিংসা বা শান্তিভঙ্গের প্ররোচনা ছিল না। নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ধারায় জারি করা এই নোটিসটি সম্পূর্ণ তথ্যগতভাবে ভুল এবং গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যেই আনা হয়েছে বলে আইসা নেত্রীর তরফে অভিযোগ তোলা হয়েছে। বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ জমায়েতের মতো মৌলিক অধিকার হরণের এই মামলায় এখন হাইকোর্টের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রাজনৈতিক মহল।
