সৌদি আরবের ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হাউথিদের, মৃত্যু এক ভারতীয় সহ ২ জনের
রিয়াধ: সৌদি আরবের তেলসমৃদ্ধ শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল হাউথিদের ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার সকালে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিরা এই হামলা চালায় বলে জানা গিয়েছে। ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পরই বিমানবন্দরের একাংশে আগুন ধরে যায়। ঘটনায় এক ভারতীয়-সহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আট জন। আহতদের মধ্যে ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হামলার পরই তড়িঘড়ি বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণের জন্য বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানা গিয়েছে। রিয়াধে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে দূতাবাস।
এই ঘটনার আগের দিন, অর্থাৎ বুধবারই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদিতে মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাঁদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় মন্ত্রকের মুখপাত্র টমি পিগট সমাজমাধ্যমে লেখেন, ইরান-সমর্থিত হাউথিরা সৌদির বিরুদ্ধে শত্রুতা বাড়িয়েছে। তারা বেসামরিক বিমানবন্দর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলা চালাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে।
একটি বেসামরিক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা এবং তাতে বিদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ল। সৌদিতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মরত থাকায় ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ এবং মৃত ভারতীয় নাগরিকের পরিচয় সংক্রান্ত আরও তথ্যের দিকে এখন নজর থাকবে।
