শেয়ার বাজারে পা রেখেই ইতিহাস মুকেশ আম্বানির জিও প্ল্য়াটফর্মসের

মুম্বই: শেয়ার বাজারে পা রেখেই ইতিহাস গড়ল মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস। ভারতীয় কোনও সংস্থার শেয়ার কেনার জন্য এই প্রথমবার ১ কোটি বিনিয়োগকারী আবেদন জমা দিলেন। ৩০,২১৩ কোটি টাকার এই আইপিও-কে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। বুধবার খোলার পর মাত্র ১০০ মিনিটের মধ্যেই ইস্যুটি সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়ে যায়। ভারতের বড় আকারের আইপিও-গুলির মধ্যে এত কম সময়ে সব শেয়ারের জন্য বিড জমা পড়ার নজির এর আগে নেই।
বুধবার দুপুর সাড়ে ১২টার মধ্যেই ২৮.৩১ কোটি শেয়ারের জন্য আবেদন জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা গিয়েছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার (QIB) বা যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের কাছ থেকে। দেশের এখন পর্যন্ত বৃহত্তম এই আইপিও-তে প্রতিটি ১০ টাকা মূল্যের ২৭ কোটি নতুন শেয়ার ইস্যু করছে কোম্পানি। বিনিয়োগকারীরা ২৩ অক্টোবর পর্যন্ত বিড করতে পারবেন। এর আগে সোমবার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ইস্যুটি খোলা হয়েছিল। সেখানেও ব্যাপক সাড়া মেলে এবং ইস্যুটি ৩০ গুণ সাবস্ক্রাইব হয়। এতদিন আবেদনের সংখ্যার নিরিখে রেকর্ড ছিল ওয়ারি এনার্জির দখলে। সেই আইপিও-তে আবেদন করেছিলেন ৯৭ লক্ষ বিনিয়োগকারী। জিও সেই রেকর্ড ছাপিয়ে গেল।
