এক রাতের মধ্যেই লটারিতে কোটিপতি দিনমজুরের স্ত্রী

সংবাদদাতা, অমৃতসর: হরিপদ কেরানিও যে কখন বরাত–ফেরে আকবর বাদশা হয়ে যান, তা কেই–ই বা বলতে পারে? ঠিক যেমনটা হল পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরার বিমলা দেবীর ক্ষেত্রে। পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। স্বামী সামান্য দিনমজুরের কাজ করেন। সেই বিমলা দেবীই এক রাতের মধ্যে হয়ে গেলেন ১ কোটি টাকার মালিক!
জানা গেছে, বাজার করতে বেরিয়ে রেলস্টেশনের কাছের একটি গুমটি দোকান থেকে ৭ টাকা দিয়ে সিকিম সরকার পরিচালিত একটি লটারির টিকিট কেটেছিলেন তিনি। পরের দিন সন্ধেয় ছিল খেলা। ফল ঘোষণার পর দোকানদারের কাছ থেকে বিমলা জানতে পারেন যে, তার টিকিটের নম্বরটিই ১ কোটি টাকা জিতেছে। বিমলা দেবী স্বপ্নেও ভাবেননি তাঁর জন্য এরকম একটি খবর অপেক্ষা করে রয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। লটারির দোকানের মালিক নরেশ মঙ্গা তাঁর ক্রেতার এই বিরাট জয়ের কারণে মিষ্টি বিলি শুরু করেন। বিমলা দেবী বলেন, পুরস্কারের টাকা তাঁর পরিবারের আর্থের সমস্যা কাটাতে সাহায্য করবে। তাছাড়া, ছেলেমেয়েদের লেখাপড়ার কাজেও এই টাকা সাহায্য করবে। প্রাপ্ত টাকার কিছু অংশ দিয়ে ভবিষ্যতে ব্যবসা শুরু করারও পরিকল্পনা রয়েছে তাঁর।
