অমিতাভ বচ্চনের ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি, বাড়ানো হল নিরাপত্তা

মুম্বই: ফের বোমাতঙ্কের হুমকি। এবার হুমকির তালিকায় নাম মেগাস্টার অমিতাভ বচ্চন এবং গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের। অভিযোগ, জুহুতে অমিতাভের বাংলো ‘জলসা’ এবং দিলজিতের আসন্ন কনসার্টের মঞ্চে বোমা পোঁতা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্রের খবর, আগামী ২৭ নভেম্বর, ২০২৬ মুম্বইয়ের মহালক্ষ্মী এলাকায় দিলজিতের কনসার্ট হওয়ার কথা। ওই অনুষ্ঠানস্থলকেই হুমকির লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কারা এই হুমকির পিছনে, তা এখনও স্পষ্ট নয়।
ডেপুটি পুলিশ কমিশনার মনীশ কালওয়ানিয়া জানিয়েছেন, গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর কাছেও হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। শুধু তারকাদের ঠিকানাই নয়, দাদর এলাকার কয়েকটি স্কুলকেও নিশানা করা হয়েছে বলে খবর। পাশাপাশি বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (BKC)-এর একটি বেসরকারি স্কুলেও একই ধরনের ই-মেল এসেছে। সেই ই-মেলে অমিতাভ-সহ একাধিক তারকার নাম উল্লেখ ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইমেলে পাঞ্জাব-সংক্রান্ত একটি প্রসঙ্গও রয়েছে। তবে হুমকির সঙ্গে সেই প্রসঙ্গের সম্পর্ক কী, তা এখনও পরিষ্কার নয়। একাধিক গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে হুমকির খবর আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। ই-মেলগুলির উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে।
