কালনা ফেরিঘাটে প্রতিমা বিসর্জনে নিখোঁজ ব্যক্তি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শান্তিপুর-কালনা লঞ্চ চলাচল
সংবাদদাতা, নদীয়া: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। ঠাকুরের নিচে চাপা পড়ে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালনা ফেরিঘাট। এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাত থেকেই রাত থেকেই বন্ধ রয়েছে শান্তিপুর কালনা নৃসিংহপুর ফেরি চলাচল। যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
গতকাল রাতে কালনা ঘাটে ঠাকুর বিসর্জনের সময় আচমকাই প্রতিমার নিচে চাপা পড়ে এক ব্যক্তি নদীতে তলিয়ে যান। এই মর্মান্তিক ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই নিরাপত্তার কথা মাথায় রেখে ঘাট কর্তৃপক্ষ গতকাল রাত থেকেই কালনা ও নৃসিংহপুর রুটের সমস্ত ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকালে ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যার মুখে পড়েছেন নদী পারাপারকারী হাজার হাজার নিত্যযাত্রী। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ ঘাট দিয়ে প্রতিদিন প্রচুর রোগীকে চিকিৎসার জন্য অন্যপ্রান্তে নিয়ে যাওয়া হয়, যা সম্পূর্ণ বন্ধ থাকায় রোগীর পরিবারগুলিও চরম বিপাকে পড়েছে। নৃসিংহপুর ঘাটের মাঝিরা জানান, কালনায় এই অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে ঘাট মালিকের নির্দেশেই আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও প্রশাসনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
