বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মহানবমীর ভোরে বাঘাযতীনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পু়ড়ে গেল একাধিক দোকান

20 October, 2026 12:13 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা ও নদীয়া: মহানবমীর ভোরে কলকাতার বাঘাযতীনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর চারটে নাগাদ বাঘাযতীন বাজারে আচমকা একটি বাতাসার দোকানে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন আপাতত নিয়ন্ত্রণে। পুজোর মরশুমে দোকানে মজুত পণ্য পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড়সড় ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আগুনের প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে, তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। উৎসবের মরশুমে এমন ঘটনায় বহু ব্যবসায়ীর রুজি-রোজগার ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

একই দিনে নদীয়া থানারপাড়ার টোপলা পুরনো পাড়ায় রান্নাঘর থেকে আগুনের ফুলকি বাড়ির ছাদে গাদা করে রাখা শুকনো পাটকাঠিতে পড়ে। পাটকাঠি শুকনো থাকায় নিমেষে আগুন ভয়াবহ আকার নিয়ে পাশাপাশি ছ’টি বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও আগুনের শিখা দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। পাড়া-প্রতিবেশীরা বালতি করে জল ও বালি এনে আগুন নেভানোর চেষ্টা চালান। দমকল ও থানায় খবর দেওয়া হয়। তবে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বাড়িগুলির গোয়ালঘর এবং সারা বছরের জন্য মজুত রাখা পাটকাঠির গাদা পুড়ে যায়। কোনও প্রাণহানি হয়নি; মানুষের পাশাপাশি গবাদিপশুদেরও নিরাপদে বের করে আনা গিয়েছে।

পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ বিশাল পুলিশবাহিনী। উপস্থিত হন তেহট্ট বিধানসভার বিধায়কও। তিনি ও পুলিশ-প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দেন। প্রাথমিকভাবে স্থানীয়দের উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ভিটেমাটি হারানো পরিবারগুলির জন্য জরুরি ত্রাণসামগ্রী ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

প্রতিবেদন

UTSAB RC