চোরবাগানে পদপিষ্টের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মৃতদের পরিবারের পাশে রত্না দেবনাথ
সংবাদদাতা, কলকাতা: কলকাতার চোরবাগানে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় পুজো কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক প্রতিনিধিরা। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার পানিহাটির দু’জন বাসিন্দার মৃত্যু হয়েছে। রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। পাশাপাশি, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গেও দেখা করেন তিনি।
রবিবার সকালে পানিহাটির জয় অ্যাপার্টমেন্টে মৃত কল্পনা জানার পরিবারের সঙ্গে কথা বলেন বিধায়ক। কল্পনার পুত্র ও কন্যার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে তিনি জানান, মণ্ডপ থেকে বেরনোর পথটি ছিল সম্পূর্ণ অন্ধকার। তার উপর বৃষ্টি এবং অতিরিক্ত ভিড় পরিস্থিতিকে জটিল করে তোলে। মণ্ডপের ভেতরে গুজব ছড়ানোর জেরে আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করায় এই বিপর্যয় ঘটে। বিধায়কের ক্ষোভ, কেন এত মানুষের সমাগমের উপযুক্ত ব্যবস্থা রাখা হল না। পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন রত্না দেবনাথ।
একই সঙ্গে, এই দুর্ঘটনায় প্রাণ হারানো ১৩ বছরের কিশোর প্রাঞ্জল সরকারের বাবা-মায়ের সঙ্গেও দেখা করেন রত্না। ছেলের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তার মা। উল্লেখ্য, এই ঘটনায় মৃত কল্পনা জানার পরিবারের সঙ্গে রবিবার সকালেই দেখা করেছিলেন আর জি করের নির্যাতিতার মা-ও। পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের ব্যর্থতাই এখন জোরালোভাবে সামনে আসছে।
