বাংলাদেশে মহিলাদের জন্য চালু পিঙ্ক বাস
ঢাকা : বাংলাদেশে চালু হল পিঙ্ক বাস।
এই বাস শুধু মহিলাদের জন্য। বাংলাদেশ সরকার জানিয়েছে, মহিলাদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হল। ১৮ অগস্ট থেকে এই বাসের চলা শুরু হয়। বিআরটিসি এই সার্ভিস পরিচালনের দায়িত্বে থাকবে। এই বাসের আরেকটি বিশেষত্ব হল, বাসের চালক ও কন্ডাক্টররাও মহিলা। পিঙ্ক বাসের অধিকাংশ বাসই দোতলা।
উল্লেখ্য,বিএনপি নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিসের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিই পূরণ করা হল। বিআরটিসি জানিয়েছে, ঢাকার বেশ কয়েকটি রুটে পিঙ্ক বাস সার্ভিস থাকবে। এর মধ্যে অন্যতম হল নতুনবাজার এর কোকাকোল থেকে -মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল, আব্দুল্লাহপুর কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট।
পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও এই স্পেশাল বাস চালানো হচ্ছে। ধীরে ধীরে বাংলাদেশের রাজধানী ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিঙ্ক বাস চলবে।এই পরিষেবা কার্যকর হলে দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে এই পরিষেবা চালু হতে পারে।
মঙ্গলবার, ঢাকার তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় পিঙ্ক বাসের। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে মোট ১৪টি পিঙ্ক বাস চলবে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০টি, বগুড়ায় দু’টি এবং চট্টগ্রামে দু’টি বাস চলবে। নয়া এই পিঙ্ক বাসে ই-টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে।
পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন তথ্যপ্রযুক্তির যুগে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে মহিলা বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে তারেক রহমান সরকারের চালু করা পিঙ্ক বাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
