বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

বাকিংহাম প্যালেসে সৌরভ-লারাদের সঙ্গে ক্রিকেট খেললেন প্রিন্স, মহারাজের প্রশংসায় উইলিয়াম

14 October, 2026 6:14 PM UTSAB RC
শেয়ার করুন

লন্ডন: লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে বসেছিল ক্রিকেটের এক অভিনব আসর। অস্থায়ী পিচে ব্যাট-বল হাতে নামলেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারাও জেমস অ্যান্ডারসনের মতো বিশ্বক্রিকেটের নামী মুখেরা। মঙ্গলবার লন্ডনের রাজপথে জমে উঠেছিল এই চাঁদের হাট। ম্যাচের পর ভক্তদের সামনে ভারতের প্রাক্তন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা যায় প্রিন্স অফ ওয়েলসকে।

বাকিংহাম প্যালেসের ঠিক বাইরে আয়োজিত এই বিশেষ ইভেন্টের নাম ‘ক্রিকেট অন দ্য মল’। উদ্দেশ্য ছিল মুম্বইয়ে হতে চলা ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানের প্রচার। সৌরভ, লারা ও অ্যান্ডারসন ছাড়াও মাঠে নেমেছিলেন ভারতের অজিঙ্ক রাহানে এবং ইংল্যান্ডের জো রুট। খেলার ফাঁকে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের সঙ্গে কথা বলেন উইলিয়াম। সেখানেই সৌরভ সম্পর্কে তাঁর স্পষ্ট মন্তব্য, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম সেরা ক্রিকেটার।’

লন্ডনে রাজপুত্রের সঙ্গে খেলার ঠিক আগেই ভারতীয় ক্রিকেটে নতুন ইনিংস শুরু হয়েছে সৌরভের। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হয়েছেন তিনি। হেমাঙ্গ বাদানির কোচিংয়ে টানা দুই মরশুমে প্লে-অফের গণ্ডি পেরোতে পারেনি দিল্লি। সেই ব্যর্থতার জেরেই সৌরভের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। ২০১৯ সালে পরামর্শদাতা হিসেবে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পথচলা শুরু সৌরভের। এরপর পুরুষ ও মহিলা, দুই দলেরই ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে (SA20) দিল্লির অপর ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচও ছিলেন। এবার সরাসরি আইপিএলের মূল দলের দায়িত্বে।

নতুন চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত সৌরভ। ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন, “আইপিএলে হেডকোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে রয়েছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটা ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘ কয়েক বছর ধরে এদের সঙ্গে আমার অত্যন্ত গভীর সম্পর্ক। দলের কর্ণধার, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। তাই এই নতুন দায়িত্ব আমার কাছে দারুণ রোমাঞ্চকর। আমাদের হাতে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক অতীতে আমরা ভাল ক্রিকেট খেলেছি। নতুন মরশুমে স্কোয়াডের সঙ্গে কাজ করতে এবং একটা শক্তিশালী ও ভয়হীন দল গড়ে তুলতে আমি প্রস্তুত।”

জিএমআর ও জেএসডব্লিউ, এই দুই গ্রুপ যৌথভাবে দিল্লি ক্যাপিটালসের মালিক। চুক্তি অনুযায়ী দু’বছর অন্তর ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্ব বদল হয়। ২০২৬ সালেই শেষ হয়েছে জিএমআর গোষ্ঠীর মেয়াদ, এবার ফের দায়িত্বে জেএসডব্লিউ। দায়িত্ব নিয়েই সৌরভকে কোচ করার পাশাপাশি পুরনো অধিনায়ক ঋষভ পন্থকেও (Rishabh Pant) দলে ফিরিয়েছে তারা। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে হাই-প্রোফাইল ট্রেডে স্পিনার কুলদীপ যাদবকে ছেড়ে পন্থকে ঘরে ফিরিয়েছে দিল্লি।

‘দাদা’র হাতে কোচিংয়ের ব্যাটন তুলে দিয়ে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দালও। তাঁর কথায়, “সৌরভ বরাবরই দিল্লি ক্যাপিটালস পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক এবং দক্ষ প্রশাসক এবার দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হিসেবে কোচিংয়ে পা রাখছেন, এটা ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত। ওঁকে এই ভূমিকায় দেখতে আমি মুখিয়ে রয়েছি। আমার পূর্ণ বিশ্বাস, ওঁর পরামর্শ এবং দূরদর্শী নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএল খেতাব জয়ের জন্য নিজেদের সেরা প্রস্তুতি নেবে।”

প্রতিবেদন

UTSAB RC