বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কালপুরুষ রাশিচক্র এবং চারটি জড় পদার্থের সম্পর্ক

04 October, 2026 4:12 PM Lopa Bhowmik
শেয়ার করুন

জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস

কালপুরুষ রাশিচক্রে চারটি জড় পদার্থ দৃশ্যমান। এগুলি হল অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। এদের ওপর সবসময় শক্তির তিন অবস্থা কাজ করছে। সত্ত্ব, রজ, তম। এই ১২ টি রাশিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। চর, স্থির,দ্ব্যত্বক। দ্ব্যত্বক হল চর ও স্থিরের মধ্যবর্তী অবস্থা। এখন চারটি চর রাশির অবস্থা আলোচনা করে দেখা যাক। চারটি চর রাশি হল মেষ, কর্কট, তুলা, এবং মকর। যাদের এই চারটি রাশি জন্মছকে আছে, তারা মিলিয়ে দেখতে পারেন। চর কথাটির অর্থ গতিশীল। অর্থাৎ ‘‌মুভমেন্ট’‌। প্রতিটি চররাশির ভালো এবং মন্দ দুটি দিকই আছে।
মেষ রাশি দিয়ে শুরু করা যাক। কারণ মেষ কালপুরুষের প্রথম ঘর।
এই রাশির ভালোর দিকগুলি হল, কর্ম তৎপরতা বহুমুখীনতা, উদ্যমশীলতা, উৎসাহী, উচ্চাভিলাষী, সংস্কার প্রিয়, এগিয়ে যাওয়ার প্রবণতা, বিদ্যুৎ–এর মতো গতি। অন্যদিকে মেষ রাশির খারাপ দিকের মধ্যে রয়েছে, হঠকারিতা, ফলাফল বিবেচনা না করেই কাজ করে ফেলা, একাগ্রতার অভাব, চাঞ্চল্য, অস্থিরচিত্ত।

পরবর্তী চর রাশি কর্কট।
এর গতি জলের মতো। যেদিকে ঢালু, সেদিকেই গতি কর্কটের। মেষের মতো উদ্দাম নয়। সে নীরব, কোলাহল শূন্য ও প্রশান্ত। পুরনো আধারকে বজায় রেখে তারই সংস্কার ও প্রসারে পক্ষপাতি কর্কট। এই রাশির মনোজগত ও ভাবরাজ্যের গতি অন্তরমুখী। কর্কট যার সঙ্গেই মেশে, তাকেই আপন করে নেয়। যেখানে মতের মিল হয় না, সেখানে কোনও সংঘাতের মধ্যে না গিয়ে নিজে থেকেই সরে যায়।  এই রাশির মানসিকতা অত্যন্ত আধ্যাত্মিক।
এবার আসা যাক পরবর্তী চর রাশি তুলার কথায়। তুলার গতি বায়ুর সঙ্গে তুলনা করা যায়। এর গতি বহুমুখী। সে চারপাশে ছড়িয়ে পড়তে চায়। অথচ তার গতি মেষের মত ক্ষণিক নয়, আবার বেগবতীও নয়। প্রচণ্ডতা তার মধ্যে আছে। কিন্তু তা তীব্র নয়। বরং তার ভাব অনেকটাই স্নিগ্ধ ও শীতল। সে পরিবেশের সঙ্গে মিলেমিশে যাবে, অথচ কাউকে দগ্ধ করবে না। বহুমুখীনতা, পরিবর্তন প্রিয়তা তার স্বভাবের অন্যতম বৈশিষ্ট্য। নতুন মত ও পথের দিকে ঝোঁক থাকে। কিন্তু একেবারেই বিচার–বিবেচনাহীন নয়। এদের মধ্যে হঠকারিতা থাকে না বললেই চলে। সব পরিবেশের সঙ্গেই খাপ খাওয়াতে চায়।

পরবর্তী এবং সর্বশেষ চর রাশি হল মকর। এর অধিপতি গ্রহ শনি। শনি ধীর গতির গ্রহ। একটি ঘরে সাধারণত আড়াই বছর অবস্থান করে। তাই মকরের গতি ধীর ও মন্থর। এর গতি একেবারেই একমুখী। দিক পরিবর্তন করা তার স্বভাবে নেই। এই রাশি বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত, কর্মনিপূণ, পরিশ্রমী, নিয়ম শৃঙ্খলাবোধ সম্পন্ন এবং কল্পনার জগতে বিচরণশীল নয়। মকর আত্মকেন্দ্রিক। কিন্তু মেষের মতো কাউকে সে আঘাত করে না। তুলার মতো ছড়িয়ে পড়তেও চায় না। নিজেকে স্বতন্ত্র রাখাই এর স্বভাব। সেই জন্য মেষ, কর্কট বা তুলার মতো এই রাশি অত্যাধিক সামাজিক নয়। এরা ব্যক্তি স্বাতন্ত্র পছন্দ করে এবং সম্পূর্ণ পরিণতির দিকে এগিয়ে যায়।

প্রতিবেদন

Lopa Bhowmik