“বাংলা ও বাঙালী” গ্রুপের দু’টি বইয়ের প্রকাশ অনুষ্ঠান
সংবাদদাতা, কলকাতা: সাহিত্যকে জড়িয়ে ভালোবাসার যে আবেগ, তাকে পাথেয় করেই এগিয়ে চলেছে আন্তর্জালের জনপ্রিয় গ্রুপ “বাংলা ও বাঙালী”। সেই আবেগকে আরও সুদৃঢ় করতেই গত ২০ সেপ্টেম্বর, শনিবার মহাবোধি সোসাইটি হলে আয়োজিত হল তাদের দু’টি বইয়ের প্রকাশ অনুষ্ঠান।
প্রকাশিত বই দু’টি হল, ৩৯ জন লেখকের মিলিত প্রয়াসে সংকলন গ্রন্থ “একে একে দুই” এবং সুচন্দ্রা মুখোপাধ্যায়ের একক গ্রন্থ “ভুবন পরিক্রমা”। বিশিষ্ট সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে। ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী কামাল নাসের, পরিতোষ পাল, ঘনশ্যাম চৌধুরী, দীপন ঘোষ প্রমুখ। বই প্রকাশ অনুষ্ঠানের পর ছিল গান, কবিতা পাঠ ও আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান। সেটিও বেশ মনোজ্ঞ হয়ে ওঠে।
উদ্যোক্তাদের পক্ষে পাপিয়া চক্রবর্তী বলেন, এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়েও এতজন লেখককে এক ছাতার তলায় আনার একটা প্রয়াস আমরা করেছি। ভালোমন্দের বিচার করবেন পাঠক। তবে এটি আমাদের প্রথম উদ্যোগ নয়, প্রতি বছরই আমরা এই ধরনের সাহিত্য-উদ্যোগ নিয়ে থাকি।
