‘নির্ভয়া’র স্মৃতি উসকে দিচ্ছে!’ যৌন নির্যাতন নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের
সংবাদদাতা, নয়াদিল্লি: রাজধানী কি আদৌ মেয়েদের কাছে সুরক্ষিত? এই প্রশ্নই আবার সামনে এনে দিল গ্রেটার নয়ডার একটি ঘটনা। চলন্ত স্লিপার বাসে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। এই ঘটনা এবং সাম্প্রতিক আরও কয়েকটি নৃশংস অপরাধের প্রেক্ষিতে সোমবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শীর্ষ আদালত। বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই ধরনের ঘটনা শুধু উদ্বেগের নয়। আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার চরম প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকেই স্পষ্ট করে দিচ্ছে।
গ্রেটার নয়ডা থেকে দিল্লিগামী একটি স্লিপার বাসে এক নাবালিকাকে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ ওঠে। প্রায় ৪৭ কিলোমিটার পথ পেরিয়ে যাওয়ার পরও পুলিশ বাসটিকে আটকাতে পারেনি। এই প্রসঙ্গেই ২০১২ সালের ‘নির্ভয়া-কাণ্ড’-এর কথা মনে করিয়ে দেয় আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, চলন্ত বাসের এই ঘটনা সেই ভয়ঙ্কর দিনগুলির স্মৃতি ফিরিয়ে আনছে।শুধু বাসের ঘটনা নয়, দিল্লির স্বরূপ নগরে এক কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পর জমি থেকে পচাগলা দেহ উদ্ধারের ঘটনা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেঞ্চ। আদালত জানায়, সাধারণ মানুষের জন্য তৈরি পার্ক বা গণপরিবহন যদি আলোর অভাব, নজরদারির খামতি ও প্রশাসনিক ঢিলেমির কারণে অপরাধের ঘাঁটি হয়ে ওঠে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীকের ফয়সালা চার মাসে, কমিশনকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট
শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের মতে, এই ঘটনাগুলিকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। দিল্লি-এনসিআরে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নির্যাতিতাদের প্রতি সমবেদনা যথেষ্ট নয়, দায়িত্বপ্রাপ্ত প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে হবে। নারী ও শিশুদের সার্বিক সুরক্ষা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্ট নিজেই গোটা বিষয়টির উপর কড়া নজর রাখবে বলে জানিয়েছে।
