বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বেকারিতে ঢুকে লুঠ, বাধা দিতে যাওয়ায় ম্যানেজারকে কুপিয়ে খুন দুষ্কৃতীদের

25 September, 2026 1:57 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি:জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে একটি বেকারিতে ডাকাতি রুখতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে খুন ম্যানেজার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যানেজার হাফিজুল রহমানের (৬০) রক্তাক্ত দেহ  উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ম্যানেজারকে কুপিয়ে বেকারির ক্যাশ কাউন্টার ভেঙে টাকা লুঠ করে পালিয়েছে আততায়ীরা। বেকারির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে কয়েকজন দুষ্কৃতী মিলে শহরের ওই বেকারিতে লুঠ চালায়। ক্যাশবক্স থেকে টাকাপয়সা-সহ আরও কিছু জিনিস নিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। লুঠ করে ফেরার সময় ম্যানেজার বাধা দেন। সম্ভবত তিনি দুষ্কৃতীদের চিনেও ফেলেছিলেন। সেই সময়েই ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর আক্রমণ চালানো হয় এবং তারপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। সকালে অন্য কর্মীরা বেকারিতে এসে ম্যানেজারের ঘরে গিয়ে দেখেন রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে।মৃতদেহ দেখার পরই কর্মীরা কোতোয়ালি থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতের বাড়ি হুগলীতে, জলপাইগুড়ির এই বেকারিতেই ম্যানেজারের কাজ করতেন তিনি। ঘটনাস্থল থেকে একটি হার্ডডিস্কও উদ্ধার করেছে পুলিশ, যা খতিয়ে দেখা হচ্ছে। কারা বেকারিতে ঢুকেছিল এবং কেন ম্যানেজারকে এভাবে আক্রমণ করা হল, তা জানতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন: পদ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ, খড়গপুর থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

উল্লেখ্য, গত অগস্ট মাসেও কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলে দুষ্কৃতীদের হানার ঘটনা সামনে এসেছিল। বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে থাকা ওই হোটেলে মহিলা-সহ একদল দুষ্কৃতী অতর্কিতে ঢুকে পড়ে ভাঙচুর চালায় এবং আবাসিকদের মারধর করে বলে অভিযোগ ওঠে। ঘটনার সিসিটিভি ফুটেজেও দুষ্কৃতীদের হোটেলের ঘরে ঢুকে মারধর-ভাঙচুর করতে দেখা গিয়েছিল। হোটেল মালিকপক্ষের অভিযোগ ছিল, কয়েকদিন ধরে স্থানীয় কিছু দুষ্কৃতী হোটেল ম্যানেজারের কাছে তোলা দাবি করছিল। মালিক তখন উত্তরবঙ্গে থাকায়, ঘটনার দিন দুষ্কৃতীরা অতর্কিতে এসে টাকা দাবি করে এবং তারপরই হোটেল কর্মী ও আবাসিকদের মারধর করে বলে অভিযোগ ওঠে।

প্রতিবেদন

UTSAB RC