হাইকোর্টে বিস্ফোরক দাবি অভয়ার মা–বাবার
সংবাদদাতা, কলকাতা: কলকাতা হাইকোর্টে বিস্ফোরক দাবি অভয়ার মা–বাবার। বলা হয়েছে, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারে চাপ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আর জি কর মামলায় আর একটি তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। তখনই অভয়ার মা রত্না দেবনাথ বলেন, ‘ঘটনার দিন আমরা প্রায় ঘণ্টাদুয়েক টালা থানায় বসেছিলাম। দ্বিতীয়বার মেয়ের ময়নাতদন্ত করানোর চেষ্টা করছিলাম। সেই ফাঁকে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে–রা গ্রিন করিডর করে কেন মেয়েকে নিয়ে গেল? মেয়েকে বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখে চলে যায়।’ এরপরই প্রায় বোমা ফাটান রত্নাদেবী। বলেন, তাঁদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এসেছিলেন
নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে। ডিসি নর্থ চলে যাওয়ার পরই আত্মীয়দের সামনেই অভয়ার বাবাকে টাকা নেওয়ার জন্য চাপ দেন নির্মল ঘোষ। অভিযোগ, একটি ঘরে নিয়ে গিয়ে অভয়ার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগে জানান, ‘এই কথা সিবিআই শুনতে চায়নি। অথচ প্রথম থেকে এটা জানিয়ে আসছি।’
২০২৪– ৯ আগস্ট আর জি কর হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআই–এর হাতে। সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। এরপর আর কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই। অভয়ার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর এই ঘটনায় পুনর্তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সিবিআইকে নতুন তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেই মতোই এগোচ্ছে তদন্ত।
