নাবালিকার সন্তান প্রসব, ন’মাস ধরে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার যুবক
সংবাদদাতা, কলকাতা: খাস কলকাতায় নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ১৬ বছরের এক কিশোরীর সন্তান প্রসবের ঘটনায় এন্টালি এলাকা থেকে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারাতেও মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, কিশোরী এন্টালি এলাকার বাসিন্দা। ধৃত যুবকও ওই এলাকারই বাসিন্দা। তার নাম সমীর আলম। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে কিশোরী অভিযোগ করেছে, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর থেকে সমীর তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। অভিযোগ, দীর্ঘ প্রায় ন’মাস ধরে একাধিকবার যৌন নিগ্রহের শিকার হয় ওই কিশোরী। তার জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
গত ২১ সেপ্টেম্বর, সোমবার বাড়িতেই একটি কন্যাসন্তানের জন্ম দেয় কিশোরী। পরে সদ্যোজাতকে চিকিৎসার জন্য চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকদের সন্দেহ হয় কিশোরীর বয়স নিয়ে। হাসপাতালে নিজের আধার কার্ড জমা দেওয়ার পর তার বয়স ১৬ বছর বলে নিশ্চিত হন চিকিৎসকেরা। এরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়।
হাসপাতালের অভিযোগের ভিত্তিতে প্রথমে ভবানীপুর থানায় জিরো এফআইআর দায়ের করা হয়। পরে সেই এফআইআর এন্টালি থানায় পাঠানো হয়। তদন্তে নেমে পুলিশ সমীরকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, অভিযুক্তের সঙ্গে ওই কিশোরীর কোনও বিয়ে হয়েছিল কি না। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাটি এমন সময়ে সামনে এল, যখন ১৮ বছরের আগে কোনও কিশোরী সন্তান প্রসব করলে তার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। কলকাতার মতো শহরে এমন ঘটনা প্রকাশ্যে আসায় বাল্যবিবাহ, নাবালিকাদের সুরক্ষা এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ প্রতিরোধ নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
