বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নিষেধাজ্ঞা ভেঙে উত্তাল সমুদ্রে স্নান, দিঘায় তলিয়ে গেল নৈহাটির নাবালিকা

24 September, 2026 8:16 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, দিঘা: নিম্নচাপ অর্ণবের তাণ্ডব। যার জেরে মঙ্গলবার থেকেই উত্তাল দিঘার সমুদ্র। বৃহস্পতিবার সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গেল ১৪ বছরের এক কিশোরী। উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে পরিবারের সঙ্গে দীঘায় ঘুরতে গিয়েছিল। স্নান করতে নিষেধাজ্ঞা ছিল। তা সত্ত্বেও সে সমুদ্রে স্নান করতে নেমেছিল বলে অভিযোগ। এদিন দুপুর থেকে স্পিডবোট নামিয়ে তল্লাশি চালায় প্রশাসন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তল্লাশি অভিযান ব্যাহত হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত কিশোরীর কোনও খোঁজ পাওয়া যায়নি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকার নাম কাশ্মীরা খাতুন। বাবা, মা এবং দিদির সঙ্গে সে দিঘায় ঘুরতে গিয়েছিল। প্রশাসনের তরফে সমুদ্রসৈকতে কড়া নজরদারি চালানো হলেও লুকিয়ে-চুরিয়ে সমুদ্রে নামছেন অনেক পর্যটক। অভিযোগ, বেলা ২টোর পর পুলিশের চোখ এড়িয়ে দিঘা হাসপাতালের সামনে একটি সৈকতে স্নান করতে নামে ওই পরিবার। ওই এলাকা অন্য সৈকতগুলির থেকে অনেকটাই নির্জন। পর্যটকের সংখ্যাও অনেকটাই কম। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় সমুদ্রে ঢেউ সাময়িক ভাবে কমেছিল। পরিবারের সদস্যদের চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটে যায়।

বুধবার রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে অর্ণব। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়, নিম্নচাপ শক্তি হারাতে পারে। নিম্নচাপের প্রভাবে অন্ধ্র ও ওড়িশা উপকূলে প্রবল ঝড় হয়েছে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিও হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কিছু দিন আগে মন্দারমণিতে স্নান করতে নেমে নিখোঁজ হন নদীয়ার একই পরিবারের তিন জন। তাঁদের মধ্যে এক শিশু ছিল। দু’জনের দেহ পরে উদ্ধার করা হয়। এক জন এখনও নিখোঁজ। উত্তাল সমুদ্রে হৃদয়বিদারক ঘটনা এবার সৈকতনগরী দিঘাতেও।

প্রতিবেদন

UTSAB RC