India’s Japan Tour: নবাগত প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সতর্ক ভারত অধিনায়ক, বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে প্রস্তুত সূর্যোদয়ের দেশও
সানো: উদীয়মান সূর্যের দেশে সূর্যটা আপাতত মেঘের আড়ালে। সানোয় মঙ্গলবার ঐতিহাসিক ম্যাচ। প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি ভারত-জাপান (India vs Japan)। অথচ তার আগের দিনই বৃষ্টি এসে তাল কেটে দিয়েছে প্রস্তুতিতে। ভেস্তে গিয়েছে ভারতের অনুশীলন। আবহাওয়ার সঙ্গে লড়াই তো আছেই, তার সঙ্গে এমন এক প্রতিপক্ষ, যাদের বিরুদ্ধে এর আগে কখনও খেলেনি ভারত।

ভারত-জাপান: বাইশ গজে উদীয়মান সূর্যের দেশ
জাপানকে বলা হয় ‘উদীয়মান সূর্যের দেশ’। খেলাধুলোর মাঠেও গত কয়েক বছরে সেই সূর্যের আলো বেশ জোরালো ভাবেই দেখা যাচ্ছে। ফুটবলে জাপানের উত্থান তার সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বকাপের মঞ্চে বড় দলকে হারানো থেকে ইউরোপের ফুটবলে জাপানি ফুটবলারদের নিয়মিত উপস্থিতি—একটা সময় যে দেশকে এশিয়ার ফুটবলের উঠতি শক্তি বলা হত, তারা এখন বিশ্ব ফুটবলের পরিচিত মুখ। এ বার সেই আত্মবিশ্বাস নিয়েই ক্রিকেটের বাইশ গজে নিজেদের জায়গা তৈরি করতে চাইছে জাপান।
বিশ্বচ্যাম্পিয়নদের কাছে নতুন পরীক্ষা
প্রতিপক্ষ ভারত। ক্রিকেটের দুই প্রান্ত যেন একই ফ্রেমে। এক দিকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল, অন্য দিকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচয় তৈরি করার চেষ্টায় থাকা জাপান। কিন্তু মাঠে নামার আগে শ্রেয়স আয়ারও জানেন, অচেনা প্রতিপক্ষকে শুধুই নাম দিয়ে বিচার করা যায় না। বিশেষ করে যখন সেই দলের মাঠ, পিচ, আবহাওয়া—সবই নতুন।
ভারত-জাপান: চিন্তায় আবহাওয়া ও পিচ সতর্ক ভারত অধিনায়ক
সোমবার সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেছেন, “আশা করি বৃষ্টি হবে না। যাঁরা মাঠে খেলা দেখতে আসবেন, তাঁরা যেন একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারেন।” বৃষ্টি যে প্রস্তুতিতে ধাক্কা দিয়েছে, তা পরিষ্কার। তার উপর জাপানের পরিবেশ এবং পিচ নিয়েও ভারতীয় দলের অভিজ্ঞতা প্রায় নেই। শ্রেয়সের কথায়, “জাপানের বিরুদ্ধে এই প্রথম খেলব আমরা। এখানকার পরিবেশ, পিচ সম্পর্কে খুব বেশি জানি না। তবে দারুণ একটা ম্যাচের অপেক্ষায় রয়েছি।”
ভিডিও-ই ভরসা
অচেনা জাপানকে চিনতে তাই ভিডিয়োর উপরই ভরসা করতে হচ্ছে ভারতকে। কয়েকটি ভিডিয়ো দেখেছেন শ্রেয়সরা। তবে তাতেই কাজ শেষ নয়। ভারত অধিনায়কের কথায়, “এদিক-ওদিক কয়েকটা ভিডিয়ো দেখেছি। তবে ম্যাচের আগে আমরা আরও পড়াশোনা করব, ওদের ক্রিকেটারদের সম্পর্কে জানব।” কথায় খুব বেশি জাঁকজমক নেই, কিন্তু বার্তাটা পরিষ্কার—জাপানকে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই।
📸📸 Picture-perfect frames with the Captains 🏆
The stage is set for a historic clash between #TeamIndia and Japan 🤝#TeamIndiaInJapan | @CricketJapan pic.twitter.com/5mGTm42RZj
— BCCI (@BCCI) September 21, 2026
নিজেদের প্রমাণ করতে মরিয়া জাপান
জাপানও অবশ্য ভারতের বিরুদ্ধে মাঠে নামছে না শুধু ছবি তোলার জন্য। ইতিহাসের ম্যাচ, বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ—সবই সত্যি। কিন্তু জাপান অধিনায়ক কেন্ডেল কাদওয়াকি-ফ্লেমিংয়ের লক্ষ্য তার চেয়েও বড়। ১১ সেপ্টেম্বর সর্বভারতীয় একটি সংবাদ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমরা শুধু এই উপলক্ষ উদ্যাপন করতে আসিনি। পুরুষদের দল হিসেবে আমরা কী করতে পারি, সেটা দেখাতেই মাঠে নামব।” অর্থাৎ, ভারতের বিরুদ্ধে এক বার মাঠে নামার স্মৃতি নিয়ে সন্তুষ্ট থাকতে চান না তাঁরা। নিজেদের ক্রিকেটটা দেখাতে চান।
আরও পড়ুন: India vs Afghanistan: অভিষেকের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা আফগানরা, সিরিজে চুনকাম ভারতের
বিশ্বচ্যাম্পিয়ন দলে তারকার মেলা
ভারতের জন্য অবশ্য ম্যাচটার অন্য হিসেবও রয়েছে। আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে জাপানে এসেছে দল। স্কোয়াডে রয়েছেন জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসনদের মতো ক্রিকেটার। তরুণ বৈভব সূর্যবংশীকেও ঘিরে কৌতূহল রয়েছে। ফলে ভারতের কাছে নতুন পরিবেশে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ, জাপানের কাছে নিজেদের ক্রিকেটকে বড় মঞ্চে তুলে ধরার পরীক্ষা।
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫
ম্যাচটির প্রেক্ষাপটও আলাদা। ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই লড়াই। ফলে বাইশ গজের সীমানা ছাড়িয়ে দু’দেশের সম্পর্কের উদ্যাপনও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কিন্তু মঙ্গলবার মাঠে নামলে এসবের কিছুই মাথায় থাকবে না ক্রিকেটারদের। থাকবে বল, ব্যাট আর রান।
আলোর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব
জাপান ফুটবলে যে ভাবে ধীরে ধীরে নিজেদের জায়গা করে নিয়েছে, ক্রিকেটেও কি তেমন কোনও গল্পের শুরু হতে চলেছে? উত্তর এখনই দেওয়ার সময় আসেনি। তবে ইতিহাসের প্রথম পাতাটা খুলে যাচ্ছে মঙ্গলবার। এক দিকে শ্রেয়সের ভারত, অন্য দিকে কাদওয়াকি-ফ্লেমিংয়ের জাপান। মাঝখানে সানোর বাইশ গজ। শুধু একটা প্রশ্ন—বৃষ্টি কি সেই ইতিহাস লেখার পথে বাধা হবে, নাকি মেঘ সরিয়ে শেষ পর্যন্ত আলো পড়বে উদীয়মান সূর্যের দেশের ক্রিকেট মাঠে?
