IMA-র দপ্তরে তুলকালাম, মেঝেতে শুয়ে চিকিৎসকদের বিক্ষোভ, প্রতিবাদ
সংবাদদাতা, কলকাতা: পার্ক সার্কাসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-র রাজ্য দপ্তরে সংগঠনের রাজ্য শাখার নির্বাচন সংক্রান্ত বৈঠককে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও গোলমাল সৃষ্টি হয়েছে। মনোনয়ন জমা এবং নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত স্টেট কাউন্সিলের এই বৈঠকে চিকিৎসকদের একটি অংশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে রবিবার এই তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবাদে ডাক্তাররা শুয়ে পড়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, কলকাতা শাখার পদাধিকারীদের বৈঠকে থাকার অনুমতি নেই বলে তাঁদের জানানো হয়। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তাঁরা দপ্তরের দরজার সামনেই অবস্থান শুরু করেন। তাঁদের বক্তব্য, চিকিৎসকদের সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচনী বৈঠকে একটি শাখার পদাধিকারীদের এভাবে বাদ দেওয়ার কারণ স্পষ্ট হওয়া প্রয়োজন।
IMA কলকাতা শাখার সম্পাদক অসীম সরকার এবং তাঁর সহযোগী চিকিৎসকদের অভিযোগ, রাজ্য সম্পাদক শান্তনু সেনের নেতৃত্বাধীন কমিটি গায়ের জোরে ও বাউন্সার বসিয়ে তাঁদের বৈঠকে প্রবেশ করতে বাধা দিয়েছে। এরপরই বৈঠকে ঢুকতে না পেরে ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশ দপ্তরের প্রবেশদ্বারে ও মেঝেতে শুয়ে পড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এদিকে রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মার্চ মাসে IMA কলকাতার যে নির্বাচন হয়েছিল, তার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় একটি ট্রাইবুনাল গঠন করা হয়। সেই ট্রাইবুনাল ওই নির্বাচনকে অবৈধ ঘোষণা করায় সংগঠনের সংবিধান মেনে কলকাতা শাখাকে এই নির্বাচনী প্রক্রিয়া ও বৈঠক থেকে বাইরে রাখা হয়েছে।
চিকিৎসকদের একাংশের দাবি, তাঁরা নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই এসেছিলেন, তা সত্ত্বেও চক্রান্ত করে তাঁদের আটকানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং পার্ক সার্কাসের IMA কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
সূত্রের খবর, আগামী ডিসেম্বরে IMA-র রাজ্য শাখার নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে সামনে রেখে এদিন প্রার্থী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু IMA কলকাতা শাখার কয়েকজন পদাধিকারীকে বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি, তাঁরা কলকাতা শাখার পদাধিকারী হওয়া সত্ত্বেও কেন রাজ্য শাখার নির্বাচন সংক্রান্ত বৈঠকে তাঁদের প্রবেশাধিকার থাকবে না, তা তাঁদের জানানো হয়নি।
