তিস্তায় ভেসে যাওয়া হস্তীশাবককে উদ্ধার করলেন মৎস্যজীবীরা
সংবাদদাতা,মালবাজার: তিস্তা নদী এখন টইটম্বুর। রীতিমত বইছে স্রোত। জলের সেই তোড়ে ভেসে যাচ্ছিল একটি হাতির ছানা। সেই সময় নদীতে মাছ ধরার কাজে ব্যস্তি ছিলেন বেশ কয়েকজন মৎস্যজীবী। তাঁদের নজরে আসে বিষয়টি। এরপর কোনওরকম দেরি না করে প্রবল স্রোতের মধ্য দিয়েই নৌকো বেয়ে ছানাটির কাছে ছুটে যান তাঁরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত শাবকটিকে নৌকোয় তুলে নিরাপদে পাড়ে নিয়ে আসেন মৎসজীবীরা। ঘটনাটি মালবাজার ব্লকের ক্লান্তি এলাকার। জানা গিয়েছে, উদ্ধার হওয়া হস্তীশাবকটিকে বৈকন্ঠপুর বন দপ্তরের কাঠামবাড়ি রেঞ্জের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবকটির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরবর্তী পদক্ষেপ শুরু করেন। উদ্ধারকাজে মৎস্যজীবীদের দ্রুত তৎপরতার প্রশংসা করেছে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম।
