ফের আইআইটি বম্বের পড়ুয়ার রহস্যমৃত্যু, বিক্ষোভ
সংবাদদাতা, মুম্বই: ফের আত্মহত্যার ঘটনা বম্বে আইআইটি ক্যাম্পাসে। হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে। গত ৬ মাসে এই নিয়ে ৩ টি আত্মহত্যার ঘটনা ঘটল আইআইটি বম্বেতে। কর্তৃপক্ষের জবাবদিহি চেয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে পড়ুয়ারা।
জানা গেছে, আত্মঘাতী হওয়া ওই ছাত্র পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে তিনি ধরা পড়েছিল। অভিযোগ, সে চ্যাটজিপিটি–র সাহায্য নিয়ে উত্তর লিখছিল। ঘটনা সামনে আসতেই আইআইটি কর্তৃপক্ষ একটি বিবৃতিতে দাবি করেছে, মোবাইল ব্যবহার করার জন্য পড়ুয়ার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ তারা করেনি। কঠিন সময়ে মৃতের পরিবার, বন্ধুবান্ধবের পাশে থাকার এবং সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকেছিল ওই ছাত্র। চ্যাটজিপিটি খুলে গোটা প্রশ্নপত্রটাই তাতে আপলোড করে দিয়েছিল। কিন্তু অধ্যাপকের কাছে সে ধরা পড়ে যায়। বিষয়টি বিভাগীয় প্রধানকে জানানো হয়। কিন্তু পড়ুয়ার কেরিয়ারে ওই বিষয়ের কোনও পড়বে না বলে আশ্বস দিয়েছিলেন অধ্যাপকেরা।
কিন্তু কর্তৃপক্ষের বিবৃতির পরও বিক্ষোভ থেকে সরে দাঁড়ায়নি ছাত্ররা। তারা প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ তুলেছে যে, সত্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগে ওই ছাত্রকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছিল। তাঁদের বক্তব্য, এই ধরনের শাস্তি কার্যকর হলে পড়ুয়াকে বাধ্যতামূলকভাবে হোস্টেল ছেড়ে বাইরে থাকতে হতো এবং চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সটি পাঁচ বছর বা তার থেকেও বেশি সময়ের হয়ে যেত। পাশাপাশি কী কারণে বার বার ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনা ঘটছে, কর্তৃপক্ষের ভূমিকা কী, জানতে চেয়েছে পড়ুয়ারা। দাবি, কর্তৃপক্ষকে এই আত্মহত্যার দায় নিতে হবে এবং জবাবদিহি করতে হবে। পড়ুয়াদের মতে, ভয়ানক কড়াকড়ি এবং অতিরিক্ত মানসিক চাপের কারণেই ছাত্ররা চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ক্যাম্পাসে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।
মুম্বই পুলিশের ডিসিপি দত্তাত্রেয় নালাওয়াড়ে বলেন, ‘ আইআইটি-তে এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনার প্রেক্ষিতে আইআইটি–র একদল পড়ুয়া জমায়েত করে এবং তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেছে৷ সেই দাবিগুলির প্রেক্ষিতে একটি সুষ্ঠ সমাধানের লক্ষ্যে আইআইটি কর্তৃপক্ষ আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনা করছে।’
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি এবং জুলাই মাসেও আইআইটি বম্বের হোস্টেলে এই ধরনের ঘটনা ঘটেছিল।
