বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পশ্চিম বর্ধমানে পুলিশের মেগা সাইবার অভিযান

19 September, 2026 5:04 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: সাইবার অপরাধের আন্তর্জাতিক ও রাজ্যভিত্তিক নেটওয়ার্ক ধরতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চলল বিশেষ অভিযান। শনিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার বরাকরের দাসপাড়া এবং সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় এসিপি কুলটি জাবেদ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে তল্লাশি অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে এই এলাকায় সাইবার অপরাধ চক্র চলছে বলে খবর ছিল পুলিশের কাছে। সম্প্রতি অনলাইন প্রতারণা, ক্রিপ্টোকারেন্সি, ফেক ওটিপি হ্যাকিং এবং ব্যাঙ্কিং জালিয়াতির একাধিক অভিযোগ জমা পড়ছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই পুলিশ শনিবার ভোররাতে তল্লাশি অভিযানের পরিকল্পনা ছক কষে। অভিযান চলাকালীন এসিপি জাবেদ হোসেনের সাথে উপস্থিত ছিলেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার, মহিলা পুলিশ আধিকারিক এবং কমব্যাট ফোর্সের জওয়ানরা। পুলিশ বাহিনীর এমন বিশাল উপস্থিতি দেখে সকালে দাসপাড়া ও আশপাশের সাধারণ বাসিন্দাদের মধ্যে মারাত্মক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তল্লাশি চলাকালীন একাধিক চিহ্নিত ও সন্দেহভাজন বাড়ি এবং গোপনীয় আস্তানায় হানা দেয় তদন্তকারীরা। পুলিশের বেশ কয়েকটি দল পৃথকভাবে দাসপাড়া ও হাসপাতাল রোডের সন্দেহভাজন কেন্দ্রগুলিতে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়।

আরও পড়ুন: ঘন কুয়াশার চাদরে দুর্গাপুর, এনএইচ ১৯-এ ধীরগতিতে  যানবাহন

সূত্রের খবর, সাইবার অপরাধে যুক্ত সন্দেহভাজনদের সাম্প্রতিক গতিবিধি, যোগাযোগ মাধ্যম ও মোবাইল লোকেশন খতিয়ে দেখা হয়। তল্লাশি চলাকালীন পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর নথি, একাধিক সন্দেহজনক ডেবিট,ক্রেডিট কার্ড, প্রিপেইড সিম কার্ড এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ডিজিটাল গ্যাজেট বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। এ ছাড়া কিছু ব্যাঙ্কের পাসবুকও বাজেয়াপ্ত করা হয়েছে। যেগুলির মাধ্যমে কোটি কোটি টাকার ভুয়ো লেনদেন সম্পন্ন হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বরাকর ও তার আশেপাশের সীমান্ত এলাকাগুলিতে বিগত কিছু সময়ে ভিনরাজ্যের সাইবার চক্রের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন সীমান্ত হওয়ায় অপরাধীরা এই এলাকাটিকে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার চেষ্টা করে আসছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, শনিবারের এই অভিযানে আটক বা চিহ্নিত ব্যক্তিদের সাথে আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সাইবার অপরাধী গ্যাংয়ের সরাসরি যোগসূত্র থাকতে পারে। তল্লাশিতে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে চক্রের মূল মাস্টারমাইন্ড এবং সহায়তাকারীদের শনাক্ত করার কাজ দ্রুত গতিতে চলছে। এই ব্যাপক পুলিশি অভিযানের পর বরাকর দাসপাড়া ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে কেউ যেন কোনও ভাবেই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সিম কার্ড ভাড়া না দেন কিংবা কোনো সাইবার অপরাধীকে আশ্রয় না দেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই কড়া বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, এলাকা থেকে সাইবার অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে জারি থাকবে।

প্রতিবেদন

UTSAB RC