বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

‘রামায়ণ’-এর নয়া চমক, পোস্টারে রাম-সীতা, প্রথম গানে অরিজিৎ-শ্রেয়া

14 September, 2026 6:01 PM UTSAB RC
শেয়ার করুন

মুম্বই,১৪ সেপ্টেম্বর: ঘোষণার পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে চার হাজার কোটি টাকা বাজেটের ছবি ‘রামায়ণ’। মেকিং বা গবেষণা নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারিকে বারবার সমালোচনার মুখে পড়তে হলেও, এই বিশাল বাজেটের ছবিটি যে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন একটি মাইলফলক গড়ার পথে এগোচ্ছে, তা স্পষ্ট হচ্ছে এর প্রচারের ব্যাপ্তি দেখেই। গণেশ চতুর্থীর উৎসবমুখর আবহে এবার প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার, যেখানে রাম চরিত্রে রণবীর কাপুরকে সীতা চরিত্রে সাই পল্লবীর চুলে যত্ন করে ফুল সাজিয়ে দিতে দেখা যাচ্ছে।

পোস্টারে দেখা যাচ্ছে, নদীর তীরে গেরুয়া বসনে বসে রয়েছেন রাম-সীতা। অত্যন্ত যত্নসহকারে জানকীর চুলে ফুল গুঁজে দিচ্ছেন রঘুনন্দন। রণবীর ও সাই পল্লবীর এই আধ্যাত্মিক ও প্রেমময় মুহূর্তটিই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। দর্শক ও সমালোচক মহলের বড় অংশের মত, এই পোস্টার দেখেই বোঝা যাচ্ছে মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলতে পারে ছবিটি।

‘জয় জয় রাম’ — মুক্তি পেল ছবির প্রথম গান

শুধু পোস্টার নয়, সোমবার গণেশ চতুর্থীর দিনেই পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা প্রকাশ্যে আনলেন ছবির প্রথম গান ‘জয় জয় রাম’। গানের দৃশ্যায়নে ফুটে উঠেছে রাম-সীতার বিবাহ থেকে শুরু করে পিতৃআজ্ঞা পালনে বনবাসে যাত্রার ঝলকও। গানটির সুরকার এ আর রহমান, আর কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। রাম-সীতার এই চিরন্তন প্রেমকাহিনি কণ্ঠে ফুটিয়ে তুলেছেন সঙ্গীতজগতের দুই খ্যাতনামা শিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং।

দুই পর্বে মুক্তি, লক্ষ্য দীপাবলির বক্স অফিস

রণবীর কাপুর, সাই পল্লবী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন যশ, সানি দেওল এবং রবি দুবে — ফলে ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর তালিকায় ‘রামায়ণ’-এর নাম থাকা স্বাভাবিক। শুরু থেকেই জানা গিয়েছিল, এই মহাকাব্যিক ছবিটি দুটি পর্বে মুক্তি পাবে, এবং দুটি ক্ষেত্রেই দীপাবলির শুভ তিথিকে মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। আপাতত নির্মাতাদের মূল লক্ষ্য দীপাবলির বক্স অফিস দখল করা, আর তার আগেই গণেশ চতুর্থীর উৎসবের আবহে নতুন পোস্টার ও গান দিয়ে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন নির্মাতারা।

প্রতিবেদন

UTSAB RC