মিনি ডার্বিতে ড্র লাল-হলুদের, শেষ ম্যাচে কত গোলে জিততে হবে?
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী স্টেডিয়ামে মহমেডানের বিরুদ্ধে ম্যাচটি জিততেই হত ইস্টবেঙ্গলকে, কারণ আগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তারা। কিন্তু প্রত্যাশামতো ছন্দে দেখা যায়নি লাল-হলুদকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৯ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে লালথান কিমার গোলে এগিয়ে যায় মহমেডান।
তবে হাল ছাড়েনি ইস্টবেঙ্গল। অতিরিক্ত সময়ের ৯০+৫ মিনিটে আকাশ হেমব্রমের গোলে সমতা ফিরিয়ে আনেন তিনি, যা কার্যত দলের কাছে ‘লাইফলাইন’ হয়ে দাঁড়ায়। এই ম্যাচ হেরে গেলে লিগ জয়ের স্বপ্ন কার্যত শেষই হয়ে যেত লাল-হলুদের।
এই ড্রয়ের ফলে টানা দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। লিগ জিততে হলে শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে অন্তত ৫ গোলের ব্যবধানে হারাতে হবে অর্চিষ্মান বিশ্বাসের দলকে। তাই খাতায়-কলমে এখনও সুযোগ আছে তাঁদেরও। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে মহমেডান-মোহনবাগান ম্যাচের দিকেও। শেষ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি মহমেডান। চার পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে দুই দলই। শেষ ম্যাচ ড্র হলে গোলপার্থক্যে এগিয়ে থাকবে মোহনবাগান। তাই শেষ ম্যাচে জিততেই হবে দুই দলকেই।
