গুরুগ্রামে আক্রান্ত কার্গিল যুদ্ধে লড়া প্রাক্তন বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন, লোহার রড দিয়ে মার দুষ্কৃতীদের
গুরুগ্রাম, ১৪ সেপ্টেম্বর: গুরুগ্রামে এক রেস্তরাঁয় পরিবারের সঙ্গে খেতে গিয়ে হেনস্থা ও মারধরের শিকার হলেন ভারতীয় বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত আধিকারিক। প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অমিতকুমার গুপ্ত ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং বায়ুসেনার বিশেষ অভিযান ‘অপারেশন সফেদ সাগর’-এর সঙ্গেও যুক্ত ছিলেন। এমন একজনের সঙ্গেই এই আচরণ ঘিরে ক্ষোভ প্রকাশ পাচ্ছে বিভিন্ন মহলে।
পুলিশকে দেওয়া বয়ানে অমিত জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ সেক্টর ৫৮-র এম৩এম ম্যাগনাম বিজনেস পার্কের একটি রেস্তরাঁয় পৌঁছন তিনি। পরিবারকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করার জায়গা খুঁজছিলেন, কিন্তু অভিযোগ, একাধিক জায়গা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে পার্কিং ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়, আর সেই সময়েই এক কর্মী আচমকা তাঁর গাড়ির কাচে ঘুষি মারতে শুরু করেন বলে অভিযোগ।
গাড়ি থেকে নামতেই লোহার রড দিয়ে আঘাত
পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে বাধা দিতে গেলে অমিতের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে তাঁর মাথায় একাধিকবার আঘাত করা হয়, যার ফলে তাঁর বাঁ হাতও ভেঙে যায়। হামলার পরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রবিবার সেক্টর ৬৫ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমিত, যার ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্তও করা হয়েছে, তবে প্রতিবেদন প্রকাশ পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সেক্টর ৬৫ থানার এসএইচও রামবীর সিংহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অমিতের উপর হামলার সত্যতা নিশ্চিত হয়েছে এবং পার্কিং নিয়ে বচসা থেকেই এই ঘটনার সূত্রপাত। তদন্তকারী এএসআই সন্দীপ কুমার জানান, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে, পাশাপাশি ঠিক কোন কারণে এই হামলা চালানো হল তাও খতিয়ে দেখা হচ্ছে।
