বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভেনিসে রেকর্ড গড়ল গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে তৈরি ‘‌নাজা’‌

11 September, 2026 1:32 PM Lopa Bhowmik
শেয়ার করুন

রিমি দত্ত
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এআই প্রযুক্তির ব্যবহার এবং সাধারণ ফিলিস্তিনিদের হত্যার পেছনের সামরিক ব্যবস্থাকে অনুসন্ধান করেছে ইসরায়েলি তথ্যচিত্র ‘নাজা’। ভেনিস চলচ্চিত্র উৎসবে হল ছবিটির প্রিমিয়ার শো। ছবি শেষের পর ২৪ মিনিট ৩০ সেকেন্ড ধরে হাততালি দিয়েছেন দর্শকরা। যা উৎসবের অন্যতম দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন হিসেবে রেকর্ড গড়ে ফেলেছে।
৮০ মিনিটের এই তথ্যচিত্রটি তৈরি করেছেন ইসরায়েলি পরিচালক ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল সোর। এঁরা হলেন ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার পাওয়া ‘নো আদার ল্যান্ড’–এর পরিচালক।
‘নাজা’ তৈরি করতে প্রায় তিন বছর সময় নিয়েছেন আব্রাহাম ও সোর। তথ্যচিত্রটির জন্য তাঁরা ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রাক্তন ও বর্তমান সদস্যদের সাক্ষাৎকার নিয়েছেন। নিরাপত্তার কারণে গোপন রাখা হয়েছে সাক্ষাৎকারদাতাদের পরিচয়। রাতের অন্ধকারে তোলা হয়েছে এইসব সাক্ষাৎকার।
ছবির নাম ‘নাজা’। আসলে এটি ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থায় ব্যবহৃত একটি শব্দ, যা কোনও বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক হতাহতের সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়। ছবিতে সাক্ষাৎকার দেওয়া সামরিক কর্তারা মূলত গাজায় লক্ষ্যবস্তু ঠিক করার পদ্ধতি এবং এআই নির্ভর প্রযুক্তির ব্যবহারের বিষয়ে কথা বলেছেন।
তথ্যচিত্রে উঠে এসেছে ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই সহায়ক ব্যবস্থা। পরিচালকদের দাবি, গাজায় নজরদারি করা টেলিযোগাযোগ নেটওয়ার্ক থেকে ফোনে কথাবার্তা, মানুষের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগের মতো তথ্য ব্যবহার করে হত্যার লক্ষ্যবস্তু ঠিক করতে এই প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে।
ছবিতে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন ইসরায়েলি সামরিক সদস্য সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস, মানবিকতার উপেক্ষা এবং ফিলিস্তিনিদের প্রতি সামরিক বাহিনীর মধ্যে তৈরি হওয়া ঘৃণার কথাও বলেছেন। তাঁদের বক্তব্য, গোয়েন্দা কর্মকর্তারা জানতেন, যেসব বাড়িকে হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করা হচ্ছে, সেগুলোর বেশিরভাগেই মানুষ বসবাস করে।
পরিচালক ইউভাল আব্রাহাম জানিয়েছেন, তিনি আশা করেন পশ্চিমের দেশগুলো ইসরায়েলকে সমর্থন করার বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের মাধ্যমে চাপ সৃষ্টি করেবে। তাঁর মতে, ইসরায়েল ও ফিলিস্তিনে মানবাধিকার ও রাজনৈতিক সমাধানের পক্ষে যাঁরা কাজ করছেন, তাঁদের অবস্থান আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সংগঠনগুলির সক্রিয় ভূমিকা প্রয়োজন।
ছবিটিকে ভেনিসের মূল প্রতিযোগিতা বিভাগের তালিকায় একেবারে শেষ মুহূর্তে যোগ করা হয়। জুলাইয়ে উৎসবের প্রাথমিক তালিকা ঘোষণার প্রায় এক মাস পর ‘নাজা’কে প্রতিযোগিতায় নেওয়া হয়। পরিচালক জানিয়েছেন, তিন বছর ধরে ছবিটির কাজ চলার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছিলেন।
ভেনিসে প্রদর্শনীর পর দর্শকদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা তুলে ধরেন। ছবিটির কার্যনির্বাহী প্রযোজক ও অস্কারজয়ী জোনাথন গ্লেজারও উচ্চ্বাস প্রকাশ করেন। ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’–এর প্রযোজক জেমস উইলসনের সঙ্গে গ্লেজারও এই ছবির প্রযোজনায় যুক্ত রয়েছেন।
ভেনিসে এর আগের দীর্ঘতম স্ট্যান্ডিং ওভেশনের রেকর্ড ছিল ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’–এর। ছবিটি পরে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারও জিতেছিল। এবারের উৎসবে ‘নাজা’ একমাত্র তথ্যচিত্র, যা মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছে। শনিবার উৎসবের পুরস্কার ঘোষণা হওয়ার কথা। তার আগেই দর্শকদের প্রায় ২৫ মিনিটের এই করতালি ‘‌নাজা’‌কে উৎসবের সবচেয়ে আলোচিত ছবিগুলোর অন্যতম করে তুলেছে।
গাজা যুদ্ধ নিয়ে তৈরি এই তথ্যচিত্র শুধু চলচ্চিত্র হিসেবে নয়, যুদ্ধের প্রযুক্তি, এআইয়ের ব্যবহার এবং সাধারণ মানুষের জীবন নিয়ে একটি তীব্র রাজনৈতিক দলিল হিসেবেও আলোচনায় স্থান করে নিয়েছে।

 

প্রতিবেদন

Lopa Bhowmik