UEFA Champions League: বার্সার পাঁচ, পিএসজির ছয়, অ্যানফিল্ডে লিভারপুলের জয়, আর্সেনালেরও বাজিমাত
বার্সেলোনা: চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সপ্তাহের দ্বিতীয় রাতেও বড় দলগুলির দাপট। তবে তিন ম্যাচের ছবি এক নয়। বার্সেলোনা ঘরের মাঠে ফেইনুর্দকে কার্যত উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। পিএসজি স্লোভান ব্রাতিস্লাভাকে হারিয়েছে ৬-১ ব্যবধানে। আর অ্যানফিল্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লিভারপুলকে জয়ের জন্য শেষ পর্যন্ত লড়তে হয়েছে। পিছিয়ে পড়েও ২-১ জিতেছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সামনে ফেইনুর্দ টিকলই না
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ম্যাচটা অবশ্য শুরু থেকেই একপেশে হয়ে যায়। তিন মিনিটের মধ্যেই রাফিনিয়ার গোলে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। ফেইনুর্দ সমতা ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু বার্সার আক্রমণের সামনে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। করিম আদেয়েমির গোলের পর ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া আরও একবার জালে বল জড়ান। লামিনে ইয়ামালের ফ্রি-কিক এবং গ্যাব্রিয়েল জেসুসের গোলের পর স্কোরলাইন দাঁড়ায় ৫-১। ফেইনুর্দের হয়ে একটি গোল করেন সেম স্টেইন। রাফিনিয়ার জোড়া গোল অবশ্যই রাতের বড় খবর। কিন্তু বার্সার জন্য আরও স্বস্তির জায়গা ছিল আক্রমণে একাধিক ফুটবলারের অবদান। ইয়ামাল গোল করেছেন, পেদ্রি মাঝমাঠ থেকে আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ম্যাচের শুরুতেই যে চাপ তৈরি করেছিল বার্সা, তার সঙ্গে শেষ পর্যন্ত তাল রাখতে পারেনি ফেইনুর্দ।
Raphinha double ⚽⚽
Barcelona score five 🖐️#UCL pic.twitter.com/Bxxu9LacYO— UEFA Champions League (@ChampionsLeague) September 9, 2026
চ্যাম্পিয়নরা যেন শুরুতেই হিসাব চুকিয়ে দিল
প্যারিসে ব্যবধান আরও বড়। স্লোভান ব্রাতিস্লাভার বিরুদ্ধে ৬-১ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। প্রথম ৩১ মিনিটেই তিন গোল। ওসমান দেম্বেলের জোড়া গোলের পর ফেরান তোরেসের প্রথম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। স্লোভানের হয়ে একটি গোল শোধ করেন সুলেমান কামারা। শেষ দিকে ফাবিয়ান রুইজের গোলে ছয়ে পৌঁছয় পিএসজি।
অ্যানফিল্ডে লিভারপুলের গল্পটা আলাদা
অ্যানফিল্ডে গল্পটা অন্য রকম। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে যায় লিভারপুল। মার্কোস ইয়োরেন্তের গোলে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। দোমিনিক সোবোস্লাই সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুরন্ত শটে ২-১ এগিয়ে যায় লিভারপুল। এরপর অ্যাটলেটিকো চাপ বাড়ালেও ব্যবধান আর বদলায়নি। নতুন কোচ আন্দোনি ইরাওলার চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু হল জয় দিয়েই। লিভারপুলের জন্য জয়টা নিঃসন্দেহে স্বস্তির। তবে রক্ষণ নিয়ে প্রশ্নও থাকছে। বিশেষ করে প্রথম গোলের সময় অ্যাটলেটিকো যে ভাবে জায়গা পেয়েছিল, তা বড় ম্যাচের আগে ইরাওলার চিন্তা বাড়াতেই পারে। অন্য দিকে মাঝমাঠে ম্যাক অ্যালিস্টারের প্রভাব এবং সোবোস্লাইয়ের গোল লিভারপুলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছে।
আরও পড়ুন: UEFA Champions League: বার্নাব্যুতে ইন্টারের ভুলের শাস্তি, পোর্তোয় হালান্ডের জোড়া গোল
আরও পড়ুন: UEFA Champions League: হেভিওয়েটদের অগ্নিপরীক্ষা, ড্র-তেই উল্টে গেল চ্যাম্পিয়ন্স লিগের পাশা!
চ্যাম্পিয়ন্স লিগে জিতল আর্সেনাল-স্টুটগার্ড-লিসবন
আর দিনের বাকি ম্যাচগুলিতেও কম নাটক ছিল না। স্টুটগার্ট ৩-১ হারিয়েছে ভাইকিংকে। তাঁদের এদিনের নায়ক এরমেদিন দেমিরোভিচ। তিনি হ্যাটট্রিক করেছেন। ভাইকিংয়ের গোল জ্লাটকো ত্রিপিচের। স্পোর্টিং লিসবন ৩-১ হারিয়েছে গালাতাসারাইকে। গোল জেনি কাটামো, লুইস সুয়ারেস ও রদ্রিগো সালাজারের; গালাতাসারাইয়ের হয়ে আত্মঘাতী গোল গনসালো ইনাসিওর। নাপোলিকে ১-০ হারিয়ে আর্সেনালকে জিতিয়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই তাই বড় দলগুলির কেউ গোলের বন্যা বইয়েছে, কেউ আবার কঠিন ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিয়েছে। এখন সামনে লম্বা লড়াই। প্রথম রাতের দাপট ধরে রাখতে পারাই হবে আসল পরীক্ষা।
