বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

Subroto Cup 2026: জঙ্গলমহলের বিদ্যালয়ের হাত ধরে সুব্রত কাপে ২৯ বছর পর জয় বাংলার

10 September, 2026 2:04 AM Arko Banerjee
শেয়ার করুন

বেঙ্গালুরু: ২৯ বছরের অপেক্ষার অবসান। সুব্রত কাপ ২০২৬-এর অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গ। বেঙ্গালুরুর মাটিতে অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেল ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। বাংলার কিশোর ফুটবলারদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কোয়ার্টার ফাইনালে চণ্ডীগড়ের সরকারি মডেল সেকেন্ডারি স্কুলকে ৫-০ গোলে হারিয়েছিল মাণিকপাড়া। সেমিফাইনালে CISCE-র মিনার্ভা পাবলিক স্কুল, মোহালিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জঙ্গলমহলের এই স্কুল। শেষ ম্যাচেও দাপট ধরে রেখে অসমকে হারিয়ে ঘরে তুলেছে সুব্রত কাপ ২০২৬-এর ট্রফি।

সমাজমাধ্যমে বার্তায় মুখ্যমন্ত্রী মাণিকপাড়ার কিশোর ফুটবলারদের অভিনন্দন জানান। তাঁর বক্তব্য, “দীর্ঘ ২৯ বছর পর পশ্চিমবঙ্গের কোনও দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে হারিয়ে এই সাফল্য ছিনিয়ে নিয়েছে বাংলার কিশোররা।”

এই জয় শুধু একটি স্কুলের ট্রফি জয় নয়, জঙ্গলমহলের ফুটবলের জন্যও বড় স্বীকৃতি। মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের ফুটবলারদের অদম্য জেদ, কঠোর পরিশ্রম এবং দলগত সংহতির প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলের গর্বের কথাও।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বিচার

আরও পড়ুন: Premier League: মেসির সতীর্থকে ১২৫ মিলিয়নে ছিনিয়ে নিল সিটি! ডেডলাইন ডে-র শেষ রাতে বদলে গেল ইংলিশ ফুটবলের ছবি

সুব্রত কাপের ইতিহাসে বাংলার স্কুল ফুটবলের সাফল্য নতুন নয়। তবে ঝাড়গ্রামের একটি স্কুলের কিশোর ফুটবলারদের এই জয় আলাদা করে নজর কেড়েছে। রাজ্যের বাইরে গিয়ে দেশের অন্যতম ঐতিহ্যশালী স্কুল ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে তারা।

দলের ফুটবলারদের পাশাপাশি কোচ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে এই তরুণ ফুটবলাররা পশ্চিমবঙ্গ এবং দেশের হয়ে আরও বড় সাফল্য অর্জন করুক—এই কামনাও করেছেন তিনি। জঙ্গলমহলের মাণিকপাড়া থেকে বেঙ্গালুরু। কয়েকশো কিলোমিটারের সেই সফরের শেষে হাতে উঠল সুব্রত কাপ। বাংলার স্কুল ফুটবলের জন্য অপেক্ষাটা দীর্ঘ ছিল। এবার সেই অপেক্ষার শেষটা লিখল একদল কিশোর।

প্রতিবেদন

Arko Banerjee