বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

Premier League: মেসির সতীর্থকে ১২৫ মিলিয়নে ছিনিয়ে নিল সিটি! ডেডলাইন ডে-র শেষ রাতে বদলে গেল ইংলিশ ফুটবলের ছবি

03 September, 2026 3:38 AM Arko Banerjee
শেয়ার করুন

লণ্ডন: রাত বাড়ছিল। ঘড়ির কাঁটা ছুটছিল শেষ সময়ের দিকে। আর তখনই বড়সড় বিস্ফোরণ—চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে তুলে নিল ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ ট্রান্সফার রেকর্ডের সমান অঙ্ক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার, লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ, এবার পা রাখলেন ইতিহাদে। ডেডলাইন ডে-র শেষ রাতে এই এক চুক্তিই যেন গোটা ট্রান্সফার বাজারের চরিত্র বদলে দিল।

এনজোর গল্পটা আরও আকর্ষণীয়। চেলসির হয়ে খেলেছেন, ট্রফিও জিতেছেন। কিন্তু যে কোচ এনজো মারেস্কার অধীনে তিনি লন্ডনে খেলেছিলেন, সেই মারেস্কার কাছেই এবার ফিরলেন—তবে ম্যানচেস্টারে। পাঁচ বছরের চুক্তিতে সই করে নতুন চ্যালেঞ্জ শুরু করলেন আর্জেন্টাইন তারকা।

সিটির রাত সেখানেই শেষ হয়নি। এভারটনের ইলিমান দিয়াবেকেও ৬৫ মিলিয়ন পাউন্ডে তুলে নিয়েছে তারা। অর্থাৎ ডেডলাইন ডে-তেই দু’টি বড় অস্ত্র। গোটা গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির খরচ পৌঁছে গেল প্রায় ৪৫৮ মিলিয়ন পাউন্ডে—প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বেশি।

আরও পড়ুন: Lionel Messi: যে পায়ে ফুটবল কবিতা হয়েছিল, আজ সেই পায়ে বিদায়ের ভার

চেলসির রাতটা ছিল সম্পূর্ণ উল্টো। এনজো গেলেন, কিন্তু তাঁর জায়গায় লামিনে কামারাকে আনার শেষ মুহূর্তের চেষ্টা ভেস্তে গেল। মোনাকোর সঙ্গে প্রায় ৪৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি নিয়ে সব এগিয়েও শেষ পর্যন্ত আর হল না। ডেডলাইন ডের সবচেয়ে নাটকীয় ব্যর্থ চুক্তিগুলির একটি হয়ে রইল সেটাই।

আর মিখাইলো মুদ্রিক? চেলসি থেকে টটেনহ্যামে গেলেন লোনে। অন্য দিকে গ্যাব্রিয়েল জেসুস আর্সেনাল ছেড়ে বার্সেলোনায়। ম্যানচেস্টার সিটি থেকে জ্যাক গ্রিলিশও গেলেন এভারটনে লোনে। অর্থাৎ শেষ রাতে শুধু টাকা খরচ হয়নি, একাধিক বড় ক্লাবের স্কোয়াডের চেহারাই বদলে গেল।

লিভারপুলও পিছিয়ে থাকেনি। পিএসজি থেকে ব্র্যাডলি বারকোলাকে আনতে বিপুল অর্থ খরচ করেছে তারা। টটেনহ্যামও ক্লাব রেকর্ড গড়ে সান্দ্রো তোনালিকে দলে এনেছে—চুক্তির অঙ্ক সর্বোচ্চ ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত যেতে পারে।

আর এই সব কিছুর শেষে সামনে এল আরও বড় ছবি। প্রিমিয়ার লিগের ক্লাবগুলি এবারের গ্রীষ্মে খরচ করেছে প্রায় ৩.৪৬ বিলিয়ন পাউন্ড। চারটি চুক্তি ১০০ মিলিয়ন পাউন্ডের গণ্ডি পেরিয়েছে। পাঁচ বছর আগেও যেখানে মোট খরচ ছিল প্রায় ১.১৩ বিলিয়ন, সেখানে এবার অঙ্কটা তিনগুণেরও বেশি। ডেডলাইন ডে শেষ। ফোনকল থেমেছে, দরকষাকষি থেমেছে, ফ্যাক্স চালাচালিও থেমেছে। শেষ মুহূর্তের ছুটোছুটি থেমেছে। কিন্তু আসল পরীক্ষা এখন।

১২৫ মিলিয়নের এনজো কি সিটিকে আবার শীর্ষে তুলবেন? বিপুল খরচের পর ম্যানচেস্টার সিটির নতুন চেহারা কেমন হবে? চেলসি কি শেষ মুহূর্তে এনজোর বিকল্প না পাওয়ার ধাক্কা সামলাতে পারবে? ট্রান্সফার বাজারের দরজা বন্ধ। এবার উত্তর দেবে মাঠ।

প্রতিবেদন

Arko Banerjee