জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার অভিষেকের আপ্ত-সহায়ক সুমিত রায়
সংবাদদাতা, কলকাতা: শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলতেই সুমিত রায়কে গ্রেপ্তার করলেন সিআইডি আধিকারিকরা। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কালীঘাটের বাসভবন থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের বাড়ি ঘিরে রাখে এসটিএফ ও সিআইডির টিম। গোয়েন্দাদের কাছে খবর ছিল অভিষেকের বাড়িতেই ছিলেন সুমিত রায়।
আগাম জামিনের আবেদন করেছিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সকালে সুমিত রায়ের রক্ষাকবচ বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, সুমিতকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সঠিক ভাবে সাহায্য করেননি। বুধবার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল সুমিতের অ্যাকাউন্টে 71 লক্ষ টাকা জমা পড়েছে। মোট 15 কোটি টাকা তাঁর অ্যাকাউন্টে আছে। এই টাকার উৎস নিয়ে সন্দেহপ্রকাশ করেন তদন্তকারীরা। রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। বৃহস্পতিবার পর্যবেক্ষণের পরে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে। এরপরই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের 119 নম্বর কালীঘাট রোডের ঠিকানায় পৌঁছে যায় সিআইডি। এলাকা ঘিরে ফেলে এসটিএফ ও সিআইডি গোয়েন্দারা।
শালবনি জমি প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত রায়। সরকারি জমিকে বিক্রি করার অভিযোগ ছিল সুমিত রায়ের বিরুদ্ধে। মোট 11 বার ভবানী ভবনে সিআইডি দপ্তরে একাধিক মামলায় তলব করা হয় সুমিত রায়কে। নিয়োগ দুর্নীতি, জমি দুর্নীতির অভিযোগ ছাড়াও একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সুমিত রায়। সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন সুমিত রায়। বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। রক্ষাকবচ উঠতেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয় সুমিত রায়কে। এদিন ধৃত সুমিত রায়কে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাঁকে পেশ করা হবে মেদিনীপুর কোর্টে।
