ফের মা হলেন পরীমণি?
সংবাদদাতা: ফের মা হলেন বাংলাদেশি নায়িকা পরিমণি? সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যজাতকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘৩ নম্বর জন ডান’। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াজুড়ে পরীমণিকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
২০২২ সালে শরিফুলের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই পরির কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান রাজ্য। ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির। তবে ছেলে যে তাঁর চোখের মণি তা বহুবারই জানিয়েছেন নায়িকা। আদর করে পরী ছেলেকে পদ্ম নামে ডাকেন। মায়ের সঙ্গে শ্যুটিং সেটেও প্রায়ই দেখা যায় ছোট্ট রাজ্যকে। তারপর এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন পরী। নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম। এবার তাই তৃতীয় সন্তান নিয়ে তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা। অনেকেই মনে করছেন, খুদেকে আসলে দত্তক নিয়েছেন নায়িকা। যদিও এত আলোচনার মাঝে সত্যিটা ঠিক কী সে ব্যাপারে মুখ খোলেননি পরীমণি।
আসলে বরাবরই চর্চায় থাকতে পছন্দ করেন তিনি। বলা ভালো, ভালোবাসেন বিতর্কে থাকতে। কখনও পুলিশ সুপারের সঙ্গে সম্পর্ক, কখনও গৃহকর্মীকে মারধর, হোটেলে খাওয়া–দাওয়া করতে গিয়ে গোলমাল, আবার কখনওবা তাঁর নাম জড়িয়েছে ইয়াবা কাণ্ডে। খেটেছেন জেলও। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ে ও বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি। তবে এবার সদ্যজাত কোলে নিয়ে তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। যদিও তাঁর ভক্তদের ধারণা, ফের সন্তান দত্তক নিয়েছেন পরী। কারণ,বেশ কিছুদিন আগেই মজা করে নায়িকা বলেছিলেন, তিনি ১০০ সন্তানের মা হতে চান!
