কাঁচরাপাড়ায় স্কুলে আর্থিক তছরূপের অভিযোগে টিটাগড়ে গ্রেপ্তার
সংবাদদাতা, উত্তর ২৪পরগনা: কাঁচরাপাড়ার একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী ঘনিষ্ঠ গৌতম ঘোষ দস্তিদারকে গতকাল রাতে টিটাগড়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে বিজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তাঁর টিটাগড়ের বাড়ির দরজা ভেঙে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে স্কুলে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। পাশাপাশি পুলিশ সূত্রে, খবর বিভিন্ন পুলিশ বিভাগে বদলি করে দেওয়ার নামে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করতেন বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আজ বিজপুর থানার পুলিশ গৌতম ঘোষ দস্তিদারকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করে। আদালত তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
