মালদহে প্রথমবার এক্সপো মেলার উদ্বোধন ঘিরে উৎসাহ
সংবাদদাতা, মালদহ: প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ‘উন্নত ভারত, উন্নত পশ্চিমবঙ্গ’ এক্সপো মেলা। শুক্রবার দুপুরে পুরাতন মালদহের সাহাপুর হাই স্কুল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, মালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, জেলা প্রশাসনের একাধিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই এক্সপো মেলার উদ্যোগ নিয়েছেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। আয়োজকদের মতে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, শিল্প, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং স্থানীয় উৎপাদিত সামগ্রীর প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য। প্রথমবারের এই আয়োজন ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।
