বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

এক সন্ধেয় নিজের মুখোমুখি

28 August, 2026 7:50 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক

হঠাৎ এক দুর্ঘটনায় তাদের একমাত্র অবলম্বন ছো্ট্ট সন্তানকে হারায় এক দম্পতি। শোকের ভারে যেন থমকে যায় তাদের সাজানো সংসার।ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা খেলনা, জামাকাপড় আর অসমাপ্ত ছোট ছোট অভ্যেস হয়ে ওঠে অনুপস্থিত শিশুটির স্মৃতি। যা দম্পতিকে আটকে রাখে অতীত আর বর্মতমানের যোগসূত্রে। এভাবেই দিন কাটতে থাকে।  এক সন্ধেয় তাদের সঙ্গে দেখা করতে আসেন আরেক দম্পতি। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল সন্তানহারা মা-বাবার পাশে থাকা, সান্ত্বনা দেওয়া এবং কিছুটা সময় একসঙ্গে নীরবতায় মিশে থেকে যাপন করা।

কিন্তু সন্ধে যত এগোতে থাকে, সান্ত্বনার আড়াল থেকে বেরিয়ে আসে চারজনেরই বহুদিনের চাপা ক্ষত। সন্তান হারানো দম্পতির মধ্যে জন্ম নেয় অপরাধবোধ, ক্রোধ ও পারস্পরিক দূরত্ব। অন্য দম্পতির নিজেদের সম্পর্কের অস্বস্তি, অপূর্ণতা ও গোপন আকাঙ্ক্ষাগুলিও ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে।

একসময় কে কাকে সান্ত্বনা দিচ্ছে, আর কে কার জীবনে হস্তক্ষেপ করছে—সেই সীমারেখা মুছে যায়। শিশুটির মৃত্যু যেন চারজনের সম্পর্কের আয়না হয়ে ওঠে। প্রশ্ন ওঠে ভালোবাসা, দাম্পত্য, পিতৃত্ব-মাতৃত্ব, অপরাধবোধ এবং বেঁচে থাকার অর্থ নিয়ে।

একটি অতি সাধারণ দেখা হওয়া ধীরে ধীরে পরিণত হয় বিস্ফোরক এক রাতে। যেখানে চারজনকেই মুখোমুখি হতে হয় নিজেদের চরম সত্যের। শেষ পর্যন্ত দেখা যায় শিশুটির মৃত্যু শুধু একটি জীবন কেড়ে নেয়নি—চারটি মানুষের জীবন ও তাদের সম্পর্কের অর্থও আমূল বদলে দিয়েছে। নাটকের দল সহজ-এর নতুন নাটক 16th January-তে ধরা পড়েছে সহজ এক ঘটনার মধ্যে দিয়ে চরম মানসিক দ্বন্দ্বের ছবি। যেখানে চারটি মানুষের মনের অন্দরমহলে ঘুমিয়ে থাকা কিছু জ্বলন্ত সত্যের আগুন নতুন করে উসকে ওঠে এবং সকলকেই যেন নিজের মুখোমুখি এসে দাঁড়ায়। নাট্যকার এবং নির্দেশক সৌরভ নাথ সামাজিক প্রেক্ষাপটে গভীর মনস্তত্বের ছবি এঁকেছেন। অভিনয়ে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন নন্দিতা চন্দ, মৈনাক গাঙ্গুলি, সঞ্চারী দিয়া সাহা, অনমিত্র চক্রবর্তী প্রমুখ। অম্বরীশ দাসের সেট নাটকটির আলাদা আকর্ষণ।

 

প্রতিবেদন

Lopa Bhowmik