বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব

28 August, 2026 8:45 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হল শুক্রবার। যদিও তা ভারতের ক্যালেন্ডারে। বিশ্বের বিভিন্ন দেশের সময় অনুসারে তা ছিল ২৭ আগস্ট। ভারতে এই গ্রহণ দেখা যায়নি। কারণ, যখন গ্রহণ শুরু হয় তখন এদেশে ভোর। আর তা যখন চূড়ান্ত পর্বে তখন আকাশে তেজ ছড়াচ্ছে সূর্য। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এদিনের গ্রহণকে ‘‌বিরল গভীর আংশিক চন্দ্রগ্রহণ’‌–এর তকমা দিয়েছে। এদিন উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপের পশ্চিম অংশ এবং পশ্চিম আফ্রিকার বেশ কিছু এলাকার মানুষ সাক্ষী থাকলেন এক আশ্চর্য মহাজাগতিক ঘটনার। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে চন্দ্রগ্রহণের মূল ও পূর্ণ সৌন্দর্য সবচেয়ে পরিষ্কারভাবে উপভোগ করা গেছে। অন্যদিকে ইউরোপ ও আফ্রিকার দেশগুলিতে চাঁদ উদয় হওয়া বা অস্ত যাওয়ার মুহূর্তে আংশিক গ্রহণ দেখা গেছে। ভিয়েনা, প্যারিস, রোম, বার্লিন, প্রাগ, ব্রাসেলস, মাদ্রিদ, লন্ডন, নিউ ইয়র্ক, রিও ডি জেনেইরো, জোহানেসবার্গ এবং বুয়েনস আইরেসের মতো শহর থেকেও গ্রহণ দেখা গেছে।
গ্রহণ শুরু হওয়ার পর যত সময় গড়িয়েছে চাঁদের রূপ যেন ঝলসে পড়েছে। ধীরে ধীরে পৃথিবীর একমাত্র উপগ্রহটি ছেয়ে গেছে লালাভ আভায়। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলোর কিছু লাল তরঙ্গদৈর্ঘ্য প্রতিসারিত হয়ে চাঁদের পৃষ্ঠে গিয়ে পড়েছে। ফলে চাঁদ তামাটে, গাঢ় লালচে বা রক্তবর্ণ ধারণ করেছিল। যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘ব্ল্যাড মুন’ বলা হয়ে থাকে।
আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত ১–২৪ মিনিটে শুরু হয়ে সকাল ৭–০২ মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল গ্রহণ। এটি চূড়ান্ত রূপ নেয় ভোর ৪–১৩ মিনিটে। সম্পূর্ণ চন্দ্রগ্রহণ টানা ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইটে সরাসরি দেখা গেছে গ্রহণের সম্প্রচার। অনেক জায়গায় আরও ভাল করে গ্রহণ উপভোগ করতে টেলিস্কোপেরও ব্যবস্থা করা হয়েছিল।

প্রতিবেদন

Lopa Bhowmik