বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

ফ্লোরিডায় দুর্ঘটনা:‌ মৃত তেলেঙ্গানার ৩ পড়ুয়া

27 August, 2026 1:29 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিউ ইয়র্ক:‌ ফ্লোরিডার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গেল তেলেঙ্গানার তিন পড়ুয়ার। দুর্ঘটনাটি ঘটে ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টিতে। সেখানকার ৯৫ ইন্টারস্টেট হাইওয়েতে পাম বে–র ১৭২ মাইল মার্কারের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পড়ুয়াদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। এর পরেই তাতে আগুন ধরে যায়। জানা গেছে ওই পড়ুয়ারা লেখাপড়ার পাশাপাশি সেখানে পার্ট টাইম কাজও করতেন। মৃতদের মধ্যে রয়েছেন তেলঙ্গানার নিজামাবাদ জেলার নাভিপেটের বাসিন্দা এন রাহুল। মাস তিনেক উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়েছিলেন। স্নাতকোত্তর পাশ করার পর সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গেছে, ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক এবং সামনের সিটে থাকা যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বুধবারই রাহুলের মৃত্যুর খবর পান তার পরিবারের লোকজন। এরপরেই ছেলের দেহ ফিরিয়ে আনার জন্য কেন্দ্র এবং তেলঙ্গানার সরকারের কাছে আবেদন জানিয়েছেন রাহুলের বাবা হরিবাবু। জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগেই রাহুলের সঙ্গে তার মায়ের কথা হয়েছিল। রাহুলের দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানা গিয়েছে। অন্য দুই পড়ুয়ার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনুমুলা রেবন্ত রেড্ডি। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। ছাত্রদের দেহ ফিরিয়ে আনার ব্যাপারে বিদেশ মন্ত্রকের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik