শেক্সপিয়র সরণির বহুতল থেকে পড়ে মৃত যুবতী
সংবাদদাতা, কলকাতা: উৎসবের শুরুর দিনই মর্মান্তিক ঘটনা খাস কলকাতায়। শেক্সপিয়র সরণির একটি বহুতলের ৯ তলা থেকে পড়ে মৃত্যু হল বছর ছাব্বিশের এক যুবতীর। নাম দেবলীনা সাউ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে লোকজন ছুটে এসে যুবতীর রক্তাক্ত দেহ দেখতে পান। ওই বহুতলটিতে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। জানা গেছে, মৃতাও ওই বহুতলে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন। সহকর্মীরাই তাকে পড়ে থাকতে দেখে দ্রুত কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।
জানা গেছে, মৃতার পরিবারে রয়েছেন তাঁর অসুস্থ বাবা এবং মা। দেবলীনাই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এদিন অফিসে পৌঁছনোর পর মাকে ফোন করেছিলেন দেবলীনা। ফোনে জানিয়েছিলেন তাঁর মন ভাল নেই। মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও মাকে জানিয়েছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন দেবলীনা। ওষুধও খেতেন নিয়মিত।
