এবার বাংলায় পা বিজয়ের, পূর্ব বর্ধমানে খুলল থালাপতির দল টিভিকের দলীয় কার্যালয়
সংবাদদাতা, পূর্ব বর্ধমান: এবার দক্ষিণ ভারতের সীমানা ছাড়িয়ে পূর্ব ভারতের রাজনীতিতে সংগঠন শুরু করল টিভিকে। পূর্ব বর্ধমানের ফাগুপুরে প্রথম পার্টি অফিস খুলল বিজয়ের দল। দক্ষিণের রূপোলি পর্দা কাঁপিয়ে রাজনীতিতে এসে বিপুল সাফল্য পেয়েছেন তামিল মহাতারকা বিজয় থালাপতি। তাঁর দল তামিলগা ভেট্রি কাজগম তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে সরকার তৈরি করে। পরবর্তীতে দীর্ঘদিনের ডিএমকে জোট ছেড়ে কংগ্রেস, সিপিআই, সিপিএম ও আইইউএমএল-এর সমর্থনে বিজয়ের দল সে রাজ্যে সরকার গড়েছে।
রবিবার থেকে এবার পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টিভিকে। পূর্ব বর্ধমান জেলার ফাগুপুরে টিভিকে-র প্রথম দলীয় কার্যালয় খোলা হয়। আত্মপ্রকাশের শুরুতে নির্বাচনী লড়াইয়ের চেয়েও জনসংযোগ ও সামাজিক কাজকেই মূল লক্ষ্য হিসেবে দেখছে দলের নেতৃত্ব। টিভিকে-র পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি রায় জানান, তামিলনাড়ু থেকে শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত ও নির্দেশ আসার পরই বাংলায় এই সংগঠন গড়ে তোলা হয়েছে। আপাতত নীতি হিসেবে রাজনৈতিক কর্মসূচির চেয়ে সোশাল মিডিয়ায় প্রচার এবং সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়ানোকেই বেছে নেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের স্পষ্ট বার্তা— বাংলায় তাদের প্রধান অগ্রাধিকারের তালিকায় রয়েছে যুবসমাজের জন্য শিক্ষা এবং কর্মসংস্থান। পরবর্তী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে চৈতালি রায় স্পষ্ট করে জানান, টিভিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক তা রাজ্য নেতৃত্ব অবশ্যই চায়। তবে পুরো বিষয়টি নির্ভর করছে বাংলার মানুষের ওপর। এছাড়া রাজ্য স্তরের কোন নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তামিলনাড়ুর শীর্ষ নেতৃত্বই।
উল্লেখ্য,দক্ষিণী সিনেতারকা বিজয় নিজে কবে বাংলায় পা রাখবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বের দাবি, এই মুহূর্তে শীর্ষ নেতৃত্ব উপ-নির্বাচন ও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকলেও, বাংলায় টিভিকে নিজেদের সাংগঠনিক ভিত শক্ত করতে পারলে খুব শীঘ্রই থলপতি বিজয় নিজে বাংলায় আসবেন। আপাতত সাধারণ মানুষের ভিড়ে মিশে জেলা স্তরে সংগঠন মজবুত করাই টিভিকে-র প্রাথমিক লক্ষ্য।
