টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪
আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন
ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প
দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা
একজনের প্রতীক কেন অন্যজনকে, প্রশ্ন ‘অসন্তুষ্ট’ হাইকোর্টের
28 September, 2026
4:25 PM
UTSAB RC
শেয়ার করুন
সংবাদদাতা, কলকাতা: কলকাতা হাই কোর্টে আইএসএফ-এর প্রতীক নিয়ে মামলার শুনানি ছিল। রায়দান আপাতত স্থগিত রাখল আদালত। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আইএসএফ-এর ব্যবহার করা খাম প্রতীক কোন আইনি ধারায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ (ডিটিসি)-কে দেওয়া হল, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। কমিশনের উদ্দেশে বিচারপতি রাও বলেন, কর্তৃপক্ষের কাজে তিনি উদ্বিগ্ন। আদালত চায়, কমিশন এমনভাবে কাজ করুক যাতে পরে প্রশ্নের মুখে পড়তে না হয়, আদালতকেও হস্তক্ষেপ করতে না হয়। তাঁর পর্যবেক্ষণ, আগের প্রতীক ফিরে পাওয়া আইএসএফ-এর অধিকার হয়তো নয়, কিন্তু সেটা চাওয়া স্বাভাবিক। তাই তাঁর প্রশ্ন, অন্য একটি দলকে সেই প্রতীক কী করে দেওয়া হল!
কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, সাধারণ নির্বাচন ও উপনির্বাচন আলাদা। একটি ভোটের ফল বেরোলেই সেই নির্বাচনী প্রক্রিয়া শেষ। ফ্রি সিম্বল দেওয়ার ক্ষেত্রে শেষ কথা কমিশনেরই, এতে কারও অধিকার নেই, প্রতীক কারও সম্পত্তি নয়। এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। তাঁর প্রশ্ন, ডিটিসি-র আর্জিতে প্রতীক দেওয়া হয়েছে বোঝা গেল। কিন্তু আইএসএফ-এর আবেদন বিবেচনার নথি কোথায়? কোন আইনি ধারায় প্রতীক ডিটিসি-কে দেওয়া হল? তিনি বলেন, এ বিষয়ে কমিশনের বক্তব্য সন্তোষজনক নয়। কমিশনের আইনজীবীর উদ্দেশে তাঁর মন্তব্য, কর্তৃপক্ষ আগেই একটি অনিয়ম করেছেন। আর এখন আইনজীবী তাঁদের হয়ে যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের ভূমিকা স্বচ্ছ না হলে এমনটাই হয়। আইএসএফ-এর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পাল্টা বলেন, প্রতীক দেওয়ার অধিকার কমিশনের হলেও তা একপেশে হতে পারে না।
২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে আইএসএফ। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী দল প্রতিষ্ঠা করলেও শুরু থেকে নেতৃত্বে রয়েছেন তাঁর ছোটভাই নওশাদ সিদ্দিকী। সময় কম থাকায় তখন কমিশনের কাছ থেকে প্রতীক পাননি তাঁরা। তাই বিহারের ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি’-র খাম প্রতীক নিয়ে লড়েছিল দলটি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে স্থায়ী প্রতীকের জন্য কমিশনে আবেদন করেন নওশাদ, কিন্তু ভোটে খাম প্রতীক নিয়েই লড়েন। আসন্ন ৬ অক্টোবরের নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে কমিশন খাম প্রতীক দেয় ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূলকে। আইএসএফ পায় আলমারি প্রতীক। এর পর নওশাদ কমিশনকে চিঠি দিয়ে খাম ফেরত চান এবং ২১ সেপ্টেম্বর হাই কোর্টের দ্বারস্থ হন।