বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফোন ব্যবহারে বড় স্বস্তি, ডেটা প্যাক ছাড়াই এবার রিচার্জ প্ল্যান, নির্দেশিকা TRAI-এর

23 September, 2026 4:05 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: টেলিকম গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিল টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। এবার থেকে ৩০ দিন বা তার কম মেয়াদের ভয়েস ও SMS রিচার্জ প্ল্যান লঞ্চ করার নির্দেশ দিল TRAI। গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট) রেগুলেশনস, ২০২৬’। এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিন বা তার কম মেয়াদের স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) লঞ্চ করতে হবে, যেখানে থাকবে শুধুমাত্র কলিং ও SMS-এর সুবিধা।

বর্তমানে স্মার্টফোনের ব্যবহার ব্যাপক হারে বাড়লেও, এখনও একটা বড় অংশের মানুষ ফিচার বা কীপ্যাড ফোন ব্যবহার করেন, যেখানে ইন্টারনেট ব্যবহারের তেমন সুযোগই নেই। কিন্তু সমস্যা হল, বিভিন্ন টেলিকম সংস্থার বর্তমান রিচার্জ প্ল্যানগুলিতে কলিং, SMS-এর পাশাপাশি বাধ্যতামূলকভাবে ইন্টারনেট প্যাক এবং OTT ব্যবহারের সুবিধাও যুক্ত থাকে। ফলে যাঁরা কীপ্যাড ফোন ব্যবহার করেন, তাঁদের এই ধরনের প্ল্যানে রিচার্জ করলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়—কারণ ইন্টারনেট বা OTT ব্যবহারের সুযোগ না থাকা সত্ত্বেও সেই পরিষেবার জন্য যে অতিরিক্ত অর্থ তাঁদের গুনতে হয়, তা কার্যত কোনও কাজেই লাগে না।

আরও পড়ুন: দুই কমিশনারের অভিযোগে বিদ্ধ জ্ঞানেশ কুমার‌,  নির্বাচন কমিশনে ‘‌কোন্দল’ প্রকাশ্যে‌

কম আয়ের মানুষদের কথা ভেবেই সিদ্ধান্ত

TRAI জানিয়েছে, বিশেষত তুলনামূলক কম আয়ের মানুষদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট। তাঁদের প্রয়োজন না থাকলেও বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে রিচার্জ করতে হচ্ছে, যার একটা বড় অংশ তাঁদের কোনও কাজেই লাগছে না—কারণ তাঁরা ইন্টারনেট প্যাকই ব্যবহার করেন না। এই বাস্তবতা মাথায় রেখেই কম মেয়াদের ভ্যালিডিটি সম্বলিত রিচার্জ প্ল্যান লঞ্চের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। উল্লেখ্য, এর আগেও কলিং ও SMS-এর জন্য আলাদা রিচার্জ প্ল্যান লঞ্চ করার নির্দেশ দিয়েছিল ট্রাই, এবং সেই অনুযায়ী বিভিন্ন টেলিকম সংস্থা শুধুমাত্র কলিং ও SMS-এর জন্য প্ল্যানও চালু করেছিল। কিন্তু সেক্ষেত্রে মূল সমস্যা ছিল ভ্যালিডিটি—দীর্ঘ মেয়াদের হওয়ায় একসঙ্গে অনেকটা টাকা খরচ করতে হত গ্রাহকদের। নতুন এই নির্দেশিকায় সেই সমস্যারই সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ট্রাইয়ের বক্তব্য, সঠিক ট্যারিফ ফ্রেমওয়ার্ক তৈরি হলে তা গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হবে এবং এর গ্রহণযোগ্যতাও বাড়বে। কারণ এর ফলে প্রতিটি গ্রাহক নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রয়োজনমতো রিচার্জ করার সুযোগ পাবেন।

প্রতিবেদন

UTSAB RC