বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

আজ থেকে শুরু ‘‌বাঘিনী’‌র লড়াই

24 August, 2026 5:21 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ গল্পের প্রেক্ষাপট সুন্দরবন। সেখানকার জল–জঙ্গলে বেড়ে ওঠা একটি মেয়ের জীবন সংগ্রামের কাহিনি নিয়ে আজ থেকে জি বাংলায় শুরু হতে চলেছে ধারাবাহিক ‘‌বাঘিনী’‌। গল্প গড়ে উঠবে ‘‌একলা মা’‌ মহুয়াকে কেন্দ্র করে। জঙ্গলে মধু সংগ্রহ করে কোনওরকমে জীবন চালায় সে। একমাত্র মেয়েকে বড় করে তোলাই তার ধ্যান–জ্ঞান। আর রয়েছেন তার বৃদ্ধ বাবা। নির্ভীকমহুয়া তার সাহস এবং সততার জোরে সমাজের বুকে টিকে থাকার লড়াই চালিয়ে যায়। কিন্তু সমাজের চাপে অতি সাধারণ, সহজ, সরল এক গ্রামের মেয়েকেই হয়ে উঠতে হয় বাঘিনী। রূপান্তরিত হতে হয় দুর্ধর্ষ যোদ্ধায়। বনবিবির আশীর্বাদ ও শক্তিকে পাথেয় করে সে লড়াই চালায় ঘূণ ধরা সমাজের বিরুদ্ধে। এক শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যের বিরুদ্ধে। যে সাম্রাজ্যের উত্তরাধিকারীর সঙ্গে ভূমি একসময় প্রেমের বন্ধনে আবদ্ধ হলেও বিশ্বাসঘাতকতা ও স্মৃতিভ্রংশ তাদের আলাদা করে দেয়। নিজের মেয়েকে রক্ষা করা, স্বামীকে ফিরে পাওয়া এবং এক অন্যয়ের সাম্রাজ্যকে ধ্বংস করার লক্ষ্যে শুরু হয় একলা মায়ের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই। সেই সঙ্গে থাকছে সুন্দরবনের মধু সংগ্রাহকদের জীবন, প্রতিদিনের লড়াই এবং বাস্তবতার ছবি। জীবিকার তাগিদে জঙ্গলে পাড়ি দেওয়া মানুষের হিংস্র পশুর মুখোমুখি হওয়ার ভয়, অনিশ্চয়তা এবং জীবন সংগ্রামও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
এই ধারাবাহিকের মধ্য দিয়ে পরিচালক রাজা চন্দ এক অন্যরকম গল্প উপহার দিতে চেয়েছেন ছোটপর্দার দর্শকদের। মহুয়ার চরিত্রে দেখা যাবে নবাগতা সম্পিতা প্রামাণিককে। নৃত্যশিল্পী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন তিনি। এবার অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তার। শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। পরিচালক জানিয়েছেন, সুন্দরবন এবং বাঘই এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। ক্যামেরাবন্দি হয়েছে দামাল মাতলা নদীর বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্ত। নায়কের চরিত্রে থাকবেন অভিনেতা সিদ্ধার্থ সেন। দুটি বিশেষ চরিত্রে থাকছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি ও সুদীপ্তা বক্সি। এক প্রভাবশালী পরিবারের নানা জটিলতার মধ্যে কীভাবে ভেঙে যায় একটি পরিবার এবং কীভাবে আপনজনকে ফিরে পাওয়ার লড়াই শুরু হয়, সেই গল্পই উঠে আসবে ধারাবাহিকে। প্রযোজক সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার ব্যানারে আসছে ধারাবাহিকটি। আজ থেকে প্রতিদিন ৯টার স্লটে দেখা যাবে ‘‌বাঘিনী’‌। ‌‌

প্রতিবেদন

Lopa Bhowmik