অমিত শাহের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লির পথে শুভেন্দু
সংবাদদাতা, রানাঘাট: বাংলায় উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দিকে দিকে চলছে উদ্বোধন পর্ব। এই উদ্বোধনে এবার সবথেকে ডিমান্ড মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু দিল্লিতে জরুরি কাজ। তাই অন্যান্য সূচিতে কাটছাঁট করে মঙ্গলবার হঠাৎ দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে তাঁর। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের বিমানে তিনি দিল্লি যাচ্ছেন। এদিন রাতেই অবশ্য তিনি শহরে ফিরে আসবেন।
সূত্রের খবর, আজকের বৈঠকে দিল্লি তথা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা। এদিন রানাঘাটে একটি পুজো মণ্ডপ উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর তিনি জানান, বিকেলে দিল্লি যাচ্ছেন তিনি। রাতেই ফিরে আসবেন কলকাতায়। বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ব্রিকসের একটি ডিনার মিটিং আছে। বিকেলে যাব। রাতেই ফিরে আসব। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের কয়েকজন সাংসদকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরাও থাকবেন।
সাংবাদিকরা হিন্দু জাগরণ মঞ্চের বিরিয়ানি নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘বিরিয়ানি খান, তবে হিন্দুর দোকান থেকে’ নিয়েও প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী বলেন, মত প্রকাশের অধিকার সবার আছে। মত প্রকাশ করছে। আমাদের দেশে বাক স্বাধীনতা রয়েছে। মত প্রকাশের অধিকারও রয়েছে।
পাশাপাশি এদিন তিনি বলেন, দুর্গাপুজোয় আমরা আসার পরে নতুন করে ১২ হাজার ৪০০ পুজোকে অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন চলবে কর্মসংস্থানের দ্বার উন্মোচন হবে। মানুষের প্রত্যাশা আমরা পূরণ করব। একইসঙ্গে প্রভু চৈতন্যদেব থেকে স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের কথা মাথায় রেখে আমরা আধ্যাত্মিক উন্নয়ন করব।তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করা হবে বাংলাজুড়ে।
এইদিন তাঁর কথাতে উঠে আসে রাস উৎসবের কথাও। এই প্রসঙ্গে তিনি বলেন দুর্গাপুজো শুধু নয়, এরপরে রাস আছে সেটাও যেন শান্তিপূর্ণ হয় তার জন্য মা দুর্গার কাছে শান্তি কামনা করি।
