দেশের মাটিতেই তৈরি হবে সুখোই যুদ্ধবিমান, উদ্যোগী হ্যাল
সংবাদদাতা, নয়াদিল্লি: ভারতেই তৈরি হবে অত্যাধুনিক এসইউ ৫৭ যুদ্ধবিমান। ঘোষণা করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড। হ্যাল–এর চেয়ারম্যান রবি কোটা জানিয়েছেন, এই বিরাট প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, কর্মী এবং পরিকাঠামো মজুত রয়েছে তাদের কাছে।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে ‘সুখোই এসইউ ৫৭’ যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি ভারতীয় বায়ুসেনায় ব্যবহৃত সুখোই ৩০ এমকেআই –এর আধুনিকীকরণ এবং এস ৪০০ ট্রায়াম্ফ ও পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে মোদির আমেরিকা সফরের সময় ভারতকে ‘এফ ৩৫ লাইটনিং২’ যুদ্ধবিমানের ‘এফ ৩৫এ’ মডেলটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই গত মার্চে মাসে রাশিয়ার কাছ থেকে ‘এসইউ-৫৭ই’ যুদ্ধবিমানের ‘যৌথ উৎপাদন’ এবং ‘সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরে’র প্রস্তাব পেয়েছিল ভারত। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে, আমেরিকা নাকি রাশিয়া? কোন দিকে ঝুঁকবে ভারত? সূত্রের খবর, শেষ পর্যন্ত রাশিয়ার ওপরই আস্থা রাখতে চলেছে মোদির ভারত। এই পরিস্থিতিতেই জানা গেল দেশের মাটিতেই এসইউ ৫৭ যুদ্ধবিমান তৈরির করতে আগ্রহী হ্যাল।
উল্লেখ্য, রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর সু ৫৭ যুদ্ধবিমান জল ,স্থল ও আকাশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার ক্ষমতা রাখে। প্রতিকূল আবহাওয়া ও ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও সর্বক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারে এই বিশেষ যুদ্ধ বিমান।
